পথকুকুরের কামড়ে মৃত্যু হলো রাজস্থানের বুন্দি জেলায় ৯ বছর বয়সি এক শিশুকন্যার। সোমবার ভোর ছ’টা নাগাদ এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রিঙ্কু ভীল। সে তালেরা থানার অন্তর্গত আলকোডিয়া গ্রামের বাসিন্দা ছিল এবং স্থানীয় সরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। দিনমজুর পরিবারের মেয়ে রিঙ্কু নিয়মিত বাড়ির কাছের চাষের জমিতে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল। সেখানেই পথকুকুরের পাল তাকে নৃশংসভাবে আক্রমণ করে। (Rajasthan Street Dogs)
তালেরার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ টেলর জানিয়েছেন, “কুকুরের দল শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে মাংস তুলে নেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তালেরার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। (Rajasthan Street Dogs)
ঘটনার খবর পেয়ে লোকসভার স্পিকার ও কোটা-বুন্দি সাংসদ ওম বিরলা তাঁর কর্মসূচি সংক্ষিপ্ত করে আলকোডিয়া গ্রামে শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে পৌঁছন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেন। পাশাপাশি জনগণের অনুদান থেকে আরও এক লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন। বুন্দি কালেক্টরকে নির্দেশ দিয়ে তিনি প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের ব্যবস্থা করতে বলেন। এছাড়া পিএম আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পথকুকুরের আক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
একই থানা এলাকার সিতাপুরায় ফেব্রুয়ারি মাসে আরেকটি শিশু পথকুকুরের আক্রমণে গুরুতর আহত হয়। সেই শিশুটি এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের কাছে পথকুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। (Rajasthan Street Dogs)











