দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বিদায় নিচ্ছে ঝড়-বৃষ্টির দাপট (Weather Update) । মঙ্গলবার থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে শুরু করবে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ফিরবে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী শনিবার পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ
(Weather Update) উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও একই পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। (Weather Update) পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে স্বাভাবিকের নিচে থাকা তাপমাত্রা দ্রুত স্বাভাবিক বা তার সামান্য উপরে পৌঁছতে পারে। তবে স্থানীয়ভাবে স্বল্পস্থায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।
কলকাতা
(Weather Update) কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।মাঝে মধ্যে স্থানীয়ভাবে হালকা স্বল্পস্থায়ী বৃষ্টি হলেও তা নিয়মিত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতায় গ্রেফতার দাপুটে মাওবাদী নেত্রী, মাথার দাম ছিল ১৫ লক্ষ: Weather Update: সুখের দিন শেষ দক্ষিণবঙ্গে শুরু ভ্যাপসা গরম, উত্তরের আবহাওয়া কেমন?








