আনন্দ মুহুর্তের মধ্যে বদলে গেল বিষাদে। অতিরিক্ত মদ্যপানের জেরে মুম্বইয়ের কনসার্টে মৃত্যু হলো এক যুবকের। নাম বৃষভ গাঙ্গুরদে। বছর ২৮-এর এই যুবক মুম্বইয়ের মাহিমের বাসিন্দা। আইনের ছাত্র ছিলেন (Mumbai Law Student Dies)।
সূত্রের খবর, ওই যুবক তাঁর এক মহিলা বান্ধবীকে নিয়ে ‘ক্লাংকুয়েনস্টলার অল নাইট লং’-এর কনসার্ট শুনতে গিয়েছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি করে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃষভের মতোই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলাও। তিনিও সেই সময় মদ্যপ অবস্থাতেই ছিলেন। তারপরই মহিলাকে যশলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও তদন্তকারীদের সন্দেহ, অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনা। যদিও মাদক-যোগের বিষয়টি একদম উড়িয়ে দেননি তদন্তকারী দলের আধিকারিকেরা। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে(Mumbai Law Student Dies)।
মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আরও তদন্ত চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
এইটাই প্রথম নয়, এর আগেও মুম্বইয়ের গোরগাঁওয়ের নেসকো এক্সিবিশন সেন্টারে আয়োজিত একটি টেকনো মিউজিক কনসার্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছিল এক যুবকের। আর তার দুমাস পরেই আবার এই ঘটনায় উসকে দিচ্ছে নানা প্রশ্ন।
সেই ঘটনায়, ভানরাই পুলিশ দক্ষিণ মুম্বইয়ের একটি নামকরা কলেজের মোট ১০ জন ছাত্রকে গ্রেফতার করেছিল। পাশাপশি মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছিলেন। ফলে এই ধরনের কনসার্টগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।









