সিনেমা দেখতে গিয়ে জুস খাচ্ছেন, অথচ যে কাপে পানীয় দেওয়া হচ্ছে, সেটিই হয়তো আগে অন্য কেউ ব্যবহার করেছেন। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে বিতর্ক বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর পরেই নড়েচড়ে বসে কর্নাটকের খাদ্য সুরক্ষা দফতর। অভিযোগের ভিত্তিতে পরিদর্শনের পর বন্ধ করে দেওয়া হলো বেঙ্গালুরুর (Forum Mall PVR INOX) ফোরাম মলের PVR INOX-এর একটি জুস কাউন্টার।
কী দেখা গিয়েছিল ভাইরাল ভিডিয়োতে?
গত ৫ নভেম্বর ইনস্টাগ্রামে মিথিল কুমার নামে এক ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে অভিযোগ করা হয়, বেঙ্গালুরুর কোনানাকুন্তে ক্রস এলাকার (Forum Mall PVR INOX) ফোরাম মলের PVR INOX-এ ব্যবহৃত ডিসপোজেবল জুসের কাপ ধুয়ে ফের গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল। ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে। সিনেমা হলে খাবার ও পানীয় পরিবেশনের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
পরিদর্শনের পরেই বন্ধ জুস কাউন্টার
অভিযোগ পাওয়ার পর কর্নাটকের স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা আধিকারিকরা ওই কাউন্টারে পরিদর্শন করেন। সেখানে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের বিষয়টি সামনে আসে বলে জানা গিয়েছে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিস পাঠিয়ে জুস কাউন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়। (Forum Mall PVR INOX)
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউটি খাদের এক্স-এ জানান, “PVR INOX, ফোরাম মল, কোনানাকুন্তে ক্রস, বেঙ্গালুরুতে গ্রাহকদের জুস পরিবেশনের জন্য ব্যবহৃত কাপ নিয়ে অভিযোগ পাওয়ার পর আমাদের স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা আধিকারিকরা পদক্ষেপ করেছেন।”
তিনি আরও বলেন, “পরিদর্শনে খাদ্য সুরক্ষা বিধির লঙ্ঘন পাওয়া গিয়েছে। প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে এবং জুস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।”
ক্ষমা চাইল ফোরাম মল কর্তৃপক্ষ
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বড় ব্র্যান্ড হোক বা ছোট বিক্রেতা, খাদ্য সুরক্ষার নিয়ম সবার জন্য সমান। অস্বাস্থ্যকর খাবার, প্যাকেজিং বা পরিবেশন পদ্ধতি চোখে পড়লে ফুড সেফটি QR কোড স্ক্যান করে অভিযোগ জানানোরও পরামর্শ দিয়েছেন তিনি।
অন্যদিকে, ফোরাম সাউথ বেঙ্গালুরু ম্যানেজমেন্ট মিথিল কুমারের পোস্টে ক্ষমা চেয়ে জানিয়েছে, “অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। PVR টিম বিষয়টি তদন্ত করছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”(Forum Mall PVR INOX)
এখনও পর্যন্ত PVR INOX-এর তরফে আলাদা কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।













