দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠস্বর আলকা ইয়াগনিক। অসংখ্য সুপারহিট গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা এই শিল্পী এবার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। তবে সেই অনুষ্ঠানেই আলকার উপস্থিতি ঘিরে ফের সামনে আসে তাঁর শারীরিক সমস্যার প্রসঙ্গ। (Alka Yagnik)
পদ্মভূষণ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন আলকা। তিনি জানান, গত দু’বছর ধরে তিনি সচেতনভাবেই জনসমক্ষে আসা এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে দূরে ছিলেন। কারণ, এই সময়টা তাঁকে কঠিন স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। সেই কঠিন সময়ে অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা ও প্রার্থনাই তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে বলে জানান গায়িকা। (Alka Yagnik)
২০২৪ সালে আলকা ইয়াগনিক প্রথম প্রকাশ্যে জানান যে তিনি বিরল ধরনের সেন্সরিনিউরাল হিয়ারিং লস (SNHL)-এ আক্রান্ত হয়েছেন। এক বিমানযাত্রার পর আচমকাই তাঁর শ্রবণশক্তিতে গুরুতর সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা জানান, একটি বিরল ভাইরাল সংক্রমণের জেরে তাঁর শ্রবণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তিনি স্বাভাবিকভাবে শুনতে পারছেন না। একজন পেশাদার সংগীতশিল্পীর ক্ষেত্রে এই সমস্যা অত্যন্ত গুরুতর, কারণ সঠিক সুর ও স্বর ধরতে অসুবিধা হচ্ছে তাঁর। সেই কারণেই বহু সুরকার নতুন কাজের প্রস্তাব দিলেও সেগুলি গ্রহণ করতে পারেননি আলকা। (Alka Yagnik)
তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও আশাবাদী তিনি। পদ্মভূষণ গ্রহণের পর আলকা বলেন, এই সম্মান তাঁর কাছে শুধু কর্মজীবনের স্বীকৃতি নয়, বরং ভালোবাসা, আশা এবং লড়াই করে এগিয়ে যাওয়ার শক্তিরও প্রতীক। তিনি জানান, ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন এবং একদিনে একধাপ করে এগোচ্ছেন। (Alka Yagnik)
বার্তার শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারত সরকারকে কৃতজ্ঞতা জানান আলকা ইয়াগনিক। উল্লেখ্য, ইমতিয়াজ আলি পরিচালিত ‘অমর সিং চমকিলা’ (২০২৪) ছবিতে এ আর রহমানের সুরে ‘নারম কালজা’ গানেই শেষবারের মতো শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। বর্তমানে তাঁর চিকিৎসা প্রক্রিয়া চললেও, প্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন দেশের কোটি কোটি অনুরাগী।(Alka Yagnik)
আরও পড়ুন :- গঙ্গার ঘাটে চাদর পেতে শুয়ে সুনীল গ্রোভার, আচমকা কী হলো?












1 thought on “ধীরে ধীরে ফিরছি’— পদ্মভূষণ সম্মান পাওয়ার পর স্বাস্থ্যসংকট নিয়ে মুখ খুললেন আলকা ইয়াগনিক”