না, এবারের স্বপ্নপূরণ হলো না লিওনেল মেসির। গোটা বিশ্বকাপ জুড়ে দারুণ পারফরম্যান্স করলেও ফাইনালে যেন বলে পা’ই ঠেকাতে পারলেন না তিনি। ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব নিয়ে গেলেন ইয়ামালরা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এইবপ্রথম আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসির।
গোটা বিশ্বকাপ জুড়ে একের পর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। প্রত্যেক জয়ের পরেই দলের তরফ থেকে এবং অন্যান্য প্লেয়ারেরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নানান পোস্ট করলেও মেসির সমাজ মাধ্যমে সেরকম কোনও পোস্ট দেখা যায়নি। তবে ফাইনালে হারের পর ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। এই বিশ্বকাপ কার্যত মেসির ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ। ৩৯ বছরের এই তারকা ফুটবলারকে যে আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তা বলাই বাহুল্য। কাজেই শেষে এসে স্বাভাবিকভাবেই দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিলেন মেসি। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেছে। সেই বার্তাই উঠে এলো তাঁর পোস্টে।
Lionel Messi Message: বিশ্বকাপে হারের পর সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন লিওনেল মেসি?
ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘এই হার খুবই কষ্টের। এই ক্ষত সারতে অনেকটা সময় লাগবে।’ তবে শুধু হারের কথা ভেবে থাকতে চান না তিনি। বরং এই বিশ্বকাপে দলের লড়াই, কঠিন ম্যাচ ঘুরিয়ে জেতার স্মৃতি এবং গোটা দেশের সমর্থনই মনে রাখতে চান।মেসি বলেন, ‘এই দলের জন্যই টানা দু’বার বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছে আর্জেন্টিনা। এখন হয়তো সেই সাফল্যের মূল্য বোঝা কঠিন, কিন্তু এই দল আবারও প্রমাণ করেছে যে তারা বিশ্বের সেরাদের মধ্যেই রয়েছে।’
আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রতিটি বার্তার জন্য তিনি হৃদয় থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। পুরো দেশ যেভাবে একসঙ্গে দলের পাশে দাঁড়িয়েছে, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া। এই দল আবারও গোটা দেশকে একসুতোয় বেঁধেছে এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব সবাই মিলে ভাগ করে নিয়েছে।
মেসিকে কীভাবে থামাল স্পেন? বিশ্বজয়ের পর রহস্য উন্মোচন দে লা ফুয়েন্তের
নতুন চ্যাম্পিয়ন স্পেনকে কী বললেন মেসি?
সবশেষে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন মেসি। তিনি বলেন, দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্পেন এই শিরোপার যোগ্য দাবিদার।
মেসির পোস্টের পরই তাঁকে ট্যাগ করেই পোস্ট করেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জা। তিনি লিখেছেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার কারণে নয়, কারণ তুমি কখনই নিজেকে থামাওনি। যাই হোক না কেন, তুমি কখনওই হাল ছেড়ে দাও না, তুমি সবসময় শেষ পর্যন্ত লড়াই করো এবং শেষ সেকেন্ড পর্যন্ত সবকিছু উজাড় করে দাও। সেই শক্তি, সেই মানসিকতা এবং আবার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টাই তোমাকে সকলের থেকে আলাদা করে তোলে।
আসল সাফল্য আসে কঠোর পরিশ্রম ত্যাগ এবং ধৈর্য থেকে, এই কথা আমাদের প্রতিদিন শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা। আমি তোমাকে এতটাই সম্মান করি যা শব্দে প্রকাশ করা যায় না এবং আমি সব সময় তোমার পাশে থাকাতে পারার জন্য অত্যন্ত গর্বিত। আমি তোমাকে খুব ভালোবাসি।’











