অবসরের পর নিয়মিত আয়ের ব্যবস্থা না থাকলে অনেকেরই আর্থিক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত তাদের জন্য এই চিন্তা আরও বেশি। সেই কারণেই কেন্দ্র সরকার চালু করেছে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana বা APY)। এই প্রকল্পে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত অর্থ জমা করলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে নিশ্চিত পেনশন পাওয়া যায়। অল্প সময়ে, সামর্থ্য মতো অর্থ জমা দিয়ে সরকারি সহায়তা পেতে এই প্রকল্পে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ যুক্ত হয়েছেন। আপনিও কি এই প্রকল্পের সুবিধা নিতে চান? তাহলে জেনে নিই সম্পূর্ণ পদ্ধতি।
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) কী?
অটল পেনশন যোজনা হলো কেন্দ্র সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এর মূল লক্ষ্য হলো অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষের অবসর-পরবর্তী জীবনকে আর্থিকভাবে নিরাপদ করা। এই প্রকল্পে ৬০ বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা রাখতে হয়। এরপর গ্রাহক তাঁর নির্বাচিত পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পান। কত টাকা পেনশন মিলবে, তা নির্ভর করে কত বয়সে প্রকল্পে যোগ দিচ্ছেন এবং কত টাকা মাসে জমা করছেন তার উপর।
কারা পাবেন এই সুবিধা?
এই বিশেষ সুবিধা পেতে হলে আপনাকে নীচে উল্লেখ করা এই শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- একটি সক্রিয় সেভিংস ব্যাঙ্ক বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
- আবেদন করার সময় আধার ও মোবাইল নম্বর যুক্ত থাকলে প্রক্রিয়া আরও সহজ হয়।
- প্রকল্পের আবেদন জমা দেওয়ার পর ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত অর্থ জমা দিতে হবে।
কীভাবে করবেন আবেদন?
ধাপ ১: প্রথমে নিশ্চিত করুন যে আপনার একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে।
ধাপ ২: নিজের ব্যাঙ্ক শাখা বা পোস্ট অফিসে গিয়ে Atal Pension Yojana (APY)-র আবেদনপত্র সংগ্রহ করুন। অনেক ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আবেদন করা যায়।
ধাপ ৩: আবেদনপত্রে নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর এবং নমিনির তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুযোগ, বছরে ৫০ হাজার টাকার স্কলারশিপ, শুরু আবেদন
ধাপ ৪: অবসরের পর প্রতি মাসে কত টাকা পেনশন (১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ বা ৫,০০০ টাকা) পেতে চান, সেই বিকল্পটি নির্বাচন করুন।
ধাপ ৫: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে (Auto Debit) টাকা কেটে নেওয়ার অনুমতি দিন।
ধাপ ৬: প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদনপত্র ব্যাঙ্কে জমা করুন।
ধাপ ৭: আবেদন সফলভাবে গ্রহণ হলে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। এরপর নির্ধারিত সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়মিত অর্থ কেটে নেওয়া শুরু হবে।












