এবার নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদের আঁচ পড়ল কলকাতায়। CJP ও বাম সংগঠনের ডাকা প্রতিবাদ বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার ধর্মতলা চত্বরে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের। কার্যত কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মেট্রো চ্যানেল, রানি রাসমণি অ্যাভিনিউ, লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা।
Neet protest: দিল্লির আঁচ কলকাতায়
দিল্লির আঁচ পড়ল কলকাতায়। প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার ধর্মতলা চত্বর। আজ দুপুর ৩টে বেজে ১০ মিনিটে শিয়ালদহ থেকে শুরু হয় মিছিল। ধর্মতলাতে এসে শেষ হয়। বাম সংগঠনের সঙ্গে মিলে ছিলেন CJP-র সমর্থকেরাও। হাতে জাতীয় পতাকা, ফেস্টুন নিয়ে মিছিলে হাঁটেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাঁদের মূল দাবি, শিক্ষাক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
রণক্ষেত্র ধর্মতলা
প্রথমে মিছিল শান্তিপূর্ণ হলেও ধর্মতলাতে আসতেই বিশৃঙ্খলা শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে পাল্টা আক্রমণ করে। লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। এরপর ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় জমান বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।
সাংবাদিকদের একাংশের উপরেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের একাংশের হামলার শিকার হন একাধিক সাংবাদিক। উত্তাল পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে ধর্মতলায় রাত দখলের ঘোষণা করে আন্দোলনকারীরা। মেট্রো চ্যানেল, মেট্রো সিনেমার সামনে রাত দখলের পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। পরে যদিও তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
পুলিশের একটি সূত্রের দাবি, নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের সামলানোর চেষ্টা করায় বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশকে। সাড়ে সাতটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।












1 thought on “দিল্লির আঁচ কলকাতায়, ‘নিট প্রশ্ন ফাঁস’-এর প্রতিবাদ বিক্ষোভে উত্তপ্ত ধর্মতলা”