রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর্থিক সংকট, কলকাতার লিগের প্রথম ডিভিশনের বাইরে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

Published on: August 7, 2026
---Advertisement---

কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে এবার বড় ধাক্কার মুখে পড়েছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অধীন এই অ্যাকাডেমি এখনও পর্যন্ত প্রথম তিনটি ম্যাচে ওয়াকওভার দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, পরের ম্যাচগুলিতেও দল নামার সম্ভাবনা খুবই কম। (Bengal Football Academy)

এবারের কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যেই শ্রীভূমি এফসি ও ডায়মন্ড হারবার এফসি প্রিমিয়ার ডিভিশনে দল নামাতে পারেনি। সুরুচি সংঘ প্রথম ম্যাচে ওয়াকওভার দিলেও পরে কোনওভাবে দল গড়ে খেলছে। তবে সবার নজরের বাইরে প্রথম ডিভিশনেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে।

দুই কোটির বেশি দেনার অভিযোগ

গত মরসুমে স্টেট ইউথ লিগের তিনটি বয়সভিত্তিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। তাদের সিনিয়র দল কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেললেও এবার আর্থিক সংকটের কারণে মাঠে নামতে পারছে না বলে জানা গিয়েছে। (Bengal Football Academy)

অ্যাকাডেমির সঙ্গে যুক্ত কয়েকজনের দাবি, প্রতিষ্ঠানের দেনা ইতিমধ্যেই দুই কোটির টাকার বেশি হয়েছে। বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের জেরে নতুন সরকার আর্থিক সহায়তা বন্ধ রেখেছে বলে অভিযোগ। ফলে পুরনো দেনা শোধের পাশাপাশি দৈনন্দিন কাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।

অনিশ্চয়তায় ভবিষ্যৎ, মন্ত্রীর হস্তক্ষেপের আশা

খড়দহের বিবেকানন্দ স্টেডিয়ামে এখনও বয়সভিত্তিক দলগুলির অনুশীলন চলছে। তবে এই কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এই অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন প্রতিভাবান বাঙালি স্ট্রাইকার তনবীর দে। মাত্র ১৮ বছর বয়সে তিনি নর্থইস্ট ইউনাইটেড এফসির সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। (Bengal Football Academy)

অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশের দাবি, নতুন ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ-কে পুরো পরিস্থিতির কথা জানানো হয়নি। তিনি বিষয়টি জানলে সমাধানের উদ্যোগ নিতে পারেন বলে তাঁদের আশা। আবার অন্য একটি মহলের অভিযোগ, আগের সরকারের ঘনিষ্ঠ কয়েকজন এখনও অ্যাকাডেমির নিয়ন্ত্রণে থাকায় পরিকল্পিতভাবে আর্থিক সহায়তা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফুটবল মহলের বড় অংশই চাইছেন, দ্রুত সমস্যার সমাধান করে অ্যাকাডেমির স্বাভাবিক কার্যক্রম ফের চালু করা হোক। (Bengal Football Academy)

আরও পড়ুন :- মদের আসরে গুলি চলল লিলুয়ায়, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment