কলকাতার অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা পার্কস্ট্রিট। সন্ধ্যা নামলেই এই এলাকায় ভিড় জমে যায় নানা রেস্তোরাঁ, হোটেল, বার ও খাবারের দোকানে। শহরের বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষ পার্ক স্ট্রিটে আসেন খাওয়াদাওয়া করতে। এবার সেই পার্ক স্ট্রিটের একাধিক হোটেল ও রেস্তোরাঁয় হানা দিল কলকাতা পুরসভা ও পুরসভার পুলিশের যৌথ দল। খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।
শুক্রবার এই অভিযানে একাধিক হোটেল ও রেস্তোরাঁ থেকে পচা ও নষ্ট হয়ে যাওয়া খাবার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে পচা মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় কীভাবে খাবার সংরক্ষণ করা হচ্ছে, রান্নাঘরের অবস্থা কেমন, পুরনো খাবার নতুন খাবারের সঙ্গে মেশানো হচ্ছে কি না এমন একাধিক বিষয় খতিয়ে দেখেন আধিকারিকেরা।
Parkstreet Restaurant Inspection: খাবারের মান নিয়ে কড়া নজর
গত কয়েক দিন ধরেই কলকাতার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় খাবারের গুণমান নিয়ে নজরদারি চালাচ্ছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা। খাবার তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না, কাঁচা মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং মেয়াদ পেরিয়ে যাওয়া বা নষ্ট খাবার ব্যবহার করা হচ্ছে কি না, মূলত এসব বিষয়েই নজর দেওয়া হচ্ছে।
এর আগেও কলকাতার ট্যাংরা এলাকায় বিভিন্ন চাইনিজ হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছিল। এবার সেই নজরদারি শহরের অন্যতম ব্যস্ত এবং অভিজাত এলাকা পার্ক স্ট্রিটে। স্বাভাবিকভাবেই এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই হোটেল ও রেস্তোরাঁ মালিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
জন্মাষ্টমীর দিন কলকাতায় ভাঙল পুরনো বাড়ি, অল্পের জন্য রক্ষা
পচা খাবার উদ্ধারে বাড়ছে উদ্বেগ
অভিযানে উদ্ধার হওয়া পচা খাবারগুলি যাতে আর ব্যবহার করা না হয় তার জন্য সেগুলি নষ্ট করে দেওয়া হয়। খাবারের গুণমান নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নিয়ম না মানার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেল বা রেস্তোরাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে বলেও খবর।
তবে পুরসভার এই অভিযান এখানেই শেষ নয়। কলকাতার বিভিন্ন প্রান্তের হোটেল-রেস্তোরাঁয় আগামী দিনেও এমন নজরদারি ও অভিযান চলতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের এই তৎপরতায় একদিকে যেমন রেস্তোরাঁ মালিকদের সতর্ক হতে হবে, তেমনই খাবার খেতে যাওয়া সাধারণ মানুষও খাবারের গুণমান নিয়ে আরও সচেতন হবেন বলে মনে করা হচ্ছে।












2 thoughts on “পার্কস্ট্রিটে হোটেল-রেস্তোরাঁয় হানা, উদ্ধার পচা মাংস-সহ বিপুল নষ্ট খাবার”