দিল্লির সত্য নিকেতনে বহুতল বাড়ি ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এবার এই ঘটনায় বিজেপি সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল প্রশ্ন তোলেন, দিল্লিতে ‘ট্রিপল-ইঞ্জিন’ সরকার থাকা সত্ত্বেও এই অবস্থার কারণ কী? পাশাপাশি তিনি এও বলেন, যাঁরা এই নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদেরকে ‘দিমাগি নক্সাল’-এর তকমা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Rahul Gandhi)।
Rahul Gandhi: বিজেপিকে ‘প্রশ্ন’ রাহুলের
এক্স হ্যান্ডলে রাহুল (Rahul Gandhi) লেখেন, বিজেপি সরকার প্রতিবারই লজ্জাজনক কাজ করে। দুর্ঘটনার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ এবং ঘটনার পর নিম্নস্তরের আধিকারিকদের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন “প্রতিবারই বিজেপি সরকার লজ্জাজনক কাজ করে। দুর্ঘটনার আগে কোনও প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেই। ঘটনার পর কেবল লোক দেখানো তৎপরতা ও কিছু নিম্নস্তরের কর্মকর্তার ওপর দায় চাপানো হয়। অথচ প্রকৃত দোষীরা জবাবদিহিতার আওতার বাইরেই থেকে যায়।”
তিনি আরও বলেন, “সত্য নিকেতনের ভবন ধসে পড়ার ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত চার মাসে সাইদুলাজাবে ছয়জন প্রাণ হারিয়েছেন। প্রতিবারই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় মানুষের জীবন, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আর প্রতিবারই কার্যকর কোনও পদক্ষেপের দেখা যায় না।”
রাহুলের দাবি, “১২ বছর ধরে এই সরকার সারা বিশ্বে বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু প্রকৃত সমস্যার সমাধান কখনই করেনি।” তিনি প্রশ্ন তোলেন, “দিল্লিতে তো ‘ট্রিপল-ইঞ্জিন’ সরকার রয়েছে। তাহলে এমন অবস্থা হবে কেন?”










