দাবার বোর্ডে আরও একবার নজির গড়ল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ দাবাড়ু বোধনা শিবানন্দন (Bodhana Sivanandan)। মাত্র ১১ বছর বয়সেই আন্তর্জাতিক মাস্টার খেতাব জিতে ইতিহাস তৈরি করল সে। একই সঙ্গেই ভেঙে দিল ৩৮ বছর আগের রেকর্ড। এই কৃতিত্বের মাধ্যমেই বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়ে উঠেছে বোধনা। এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তি দাবাড়ু জুডিট পোলগারের দখলে।
উত্তর লন্ডনের হ্যারো এলাকার বাসিন্দা বোধনা দীর্ঘদিন ধরেই দাবার জগতে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছে। অনেকেই আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় রেটিং পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে। ইউরোপিয়ান উইমেনস চেস ক্লাব কাপ ২০২৬-এর শেষ রাউন্ডে জয়ই তার সামনে খুলে দেয় ইতিহাস গড়ার দরজা।
শেষ রাউন্ডে জয়েই এল সাফল্য
এবারের ইউরোপিয়ান উইমেন্স চেস ক্লাব কাপে দুর্দান্ত খেলেছে বোধনা (Bodhana Sivanandan)। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্দ্রা গোরিয়াচকিনার বিরুদ্ধে প্রায় ড্র করে ফেলেছিল সে। এরপর তৃতীয় রাউন্ডে বেলারুশের আন্তর্জাতিক মাস্টার ওলগা বাদেলকাকে হারিয়ে নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয় বোধনা। তার রেটিং পৌঁছয় ২৩৯৯.৪-এ। পরের রাউন্ডে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার নিনো বাতসিয়াশভিলির বিরুদ্ধে ড্র করে সে।
তবে ইতিহাস গড়ার জন্য শেষ রাউন্ডের জয়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুইডেনের মহিলা আন্তর্জাতিক মাস্টার ভিক্টোরিয়া জোহানসনকে ৩২ চালে হারিয়ে আন্তর্জাতিক মাস্টার খেতাব নিশ্চিত করে বোধনা। এই প্রতিযোগিতায় প্রথম বোর্ডে খেলতে নেমে ‘শি প্লেজ টু উইন লায়নেসেস’ দলের হয়ে সাতটি ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়েছে সে।
সরবতে মিশছে কারখানার বরফ-পচা খাবার, পুজোর মেলায় নষ্ট কয়েকশো কেজি খাদ্য সামগ্রী
বিশ্বের কনিষ্ঠতম চেস মাস্টারদের তালিকায় বোধনা
বোধনার এই সাফল্যকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান চেস ইউনিয়নও। তাদের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, মাত্র ১১ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়ে ইতিহাস গড়েছে বোধনা (Bodhana Sivanandan)। একই সঙ্গে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারদের তালিকাতেও জায়গা করে নিয়েছে সে। এই তালিকায় রয়েছে ভারতের আর প্রজ্ঞানন্দ ও ডি গুকেশ, উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ, আর্জেন্টিনার ফাউস্তিনো ওরো, তুরস্কের ইয়াগিজ কান এরদোগমুস এবং রাশিয়ার রোমান শোগদঝিয়েভের মতো প্রতিভাবান দাবাড়ুরা।
মাত্র ১১ বছর বয়সে বোধনার এই সাফল্য আন্তর্জাতিক দাবার জগতে নতুন করে নজর কেড়েছে। জুডিট পোলগারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে সে প্রমাণ করল, বয়স নয়, প্রতিভা আর ধারাবাহিক পারফরম্যান্সই দাবার বোর্ডে সাফল্যের আসল চাবিকাঠি।












