বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধ্যা প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ শহরের বিলাসবহুল কনরাড হোটেলের সুইমিং পুলে এই ঘটনা ঘটে। মৃতদের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭) এবং জুরাজ হরভাট (৪৫)। আলেকজান্ডার জার্মানির নাগরিক এবং লুফথানসা বিমান সংস্থার কর্মী ছিলেন। অন্যদিকে, জুরাজ স্লোভাকিয়ার বাসিন্দা। তিনি তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের প্রজেক্ট ম্যানেজার ছিলেন। (Bengaluru Hotel Accident)
উদ্ধার করতে গিয়ে আহত আরও দু’জন
ঘটনার সময় হোটেলের তিনতলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটছিলেন ওই দুই বিদেশি। অভিযোগ, পুল থেকে বের হওয়ার চেষ্টা করার সময় তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং জলে ডুবে যান। তাঁদের বাঁচাতে জলে ঝাঁপ দেন এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক কর্মী। তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গিয়েছে।
আহত দু’জনের নাম ৪১ বছর বয়সি ম্যাথিউ ডেসান্টিস এবং ২৮ বছর বয়সি রাহুল তিওয়ারি। দু’জনকেই মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন নাগরিক এবং হোটেলকর্মী বর্তমানে বিপন্মুক্ত। তাঁদের দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। (Bengaluru Hotel Accident)
কী জানাল হাসপাতাল?
মণিপাল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক মেবেলের বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৫টা ১০ মিনিট নাগাদ মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে জার্মান নাগরিককে মৃত অবস্থায় আনা হয়। অন্যদিকে, স্লোভাকিয়ার নাগরিককে বাঁচানোর জন্য চিকিৎসকেরা সিপিআর দেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার সন্ধ্যাতেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
ঘটনায় জার্মান নাগরিক আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া অটোয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুইমিং পুলের যথাযথ রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, কনরাড হোটেল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। তদন্তে স্থানীয় প্রশাসনকে সবরকম সাহায্য করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
২৪ তলা বিশিষ্ট এই বিলাসবহুল হোটেলটি হিলটন গোষ্ঠীর অন্তর্গত। শনিবার সকালে হোটেলের ওয়েবসাইটে জানানো হয়, ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিং পুল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে। এই দুর্ঘটনার পর হোটেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Bengaluru Hotel Accident)












1 thought on “সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি, বেঙ্গালুরুর ফাইভ স্টার হোটেলে প্রাণ গেল ২ বিদেশির”
Comments are closed.