ছোটো থেকেই জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা। স্কুলের গণ্ডি পেরোতে না পেরতেই নানা রোগ বাসা বাঁধছে শরীরে। ফলে ভবিষ্যত নিয়ে চিন্তা আরও বাড়ছে। তাই জেন জি, জেন আলফার ফিটনেস নিয়ে চিন্তিত মহেন্দ্র সিং ধোনি। ফলে ফিটনেস গড়ে তোলার পরামর্শ দিলেন তিনি। দিলেন ত্বক ও চুল ভালো রাখার পরামর্শ (Ms Dhoni)।
Ms Dhoni: খাদ্যাভ্যাসের পরিবর্তন দরকার: ধোনি
২৪ অক্টোবর প্রবীণ গীতিকার জাভেদ আখতারের সঙ্গে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন কীভাবে আধুনিক জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়া তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে (Ms Dhoni)। ধোনি বলেন, “আমাদের খাদ্যাভ্যাসের দিকে তাকালে দেখা যায়, আপনি যে অঞ্চল থেকেই আসুন না কেন, আমাদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ এখনও অনেক বেশি। এর কারণ হলো, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় একসময় প্রচুর শারীরিক পরিশ্রম করতে হতো। এখন সেই একই ধরনের খাবার নতুন প্রজন্মের কাছেও পৌঁছে গেছে, অথচ তাদের শারীরিক পরিশ্রমের মাত্রা অনেক কমে গেছে।”
ধোনি আরও বলেন, “আমরা যখন বড় হচ্ছিলাম, তখন ভারতে সবেমাত্র ফাস্ট ফুডের সংস্কৃতির আগমন ঘটেছিল। এখন এটি তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই আবারও বলছি, চিনিযুক্ত খাবার এবং ভাজাপোড়া এই দুই ধরনের খাবারই স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, বিশেষ করে যদি আপনি শারীরিকভাবে সক্রিয় না হন”।
শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান
স্কুলের খেলাধুলায় শিশুদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে ধোনি জানান, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়া তাদের নিজেদের আগ্রহ ও ক্ষমতা খুঁজে পেতে সাহায্য করতে পারে। তিনি বলেন, “আমি তাদের অনুরোধ করব, একদম ছোটবেলা থেকেই—যখন তারা স্কুলে পড়ে—সব ধরনের খেলাধুলায় অংশ নিতে। স্কুলে যে খেলাধুলাই হোক না কেন, তাতে অংশ নাও। কারণ, তুমি ঠিক কোনটিতে ভালো করবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।”
২৪ ঘণ্টার মধ্যে অন্তত এক ঘণ্টা শরীরের জন্য বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন ধোনি। তিনি বলেন, “নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের শরীরের পেছনে সময় বরাদ্দ করা। অন্তত এক ঘণ্টা সময় বের করতেই হবে। ২৪ ঘণ্টার মধ্যে এক ঘণ্টা সময় বের করা নিশ্চয়ই সম্ভব।”












