ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! ২৩ বছরের সম্পর্কের ইতি

Published on: November 5, 2026
Cristiano Ronaldo Retirement
---Advertisement---

ফুটবল বিশ্বে এক যুগের অবসান! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ৪১ বছর বয়সে পর্তুগালের জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন তিনি। তবে তাঁর এই বিদায়টা একেবারেই মসৃণ হল না। কোচের সঙ্গে সাম্প্রতিক বিবাদ এবং জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7।

সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোনাল্ডো। পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি এবার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিদায়বার্তায় রোনাল্ডো বলেন, জাতীয় দলের হয়ে মাঠে তাঁর যাত্রা আজ শেষ হচ্ছে। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন তিনি। দেশের জন্য নিজের সবটুকু দিয়েছেন বলেও জানিয়েছেন পর্তুগালের এই কিংবদন্তি।

Cristiano Ronaldo Retirement: ২৩ বছরের কেরিয়ারে একাধিক নজির

২০০৩ সালের অগস্টে কাজাখস্তানের বিরুদ্ধে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল রোনাল্ডোর। তারপর দীর্ঘ ২৩ বছর ধরে দেশের জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি।পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা ১৪৬। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০১৬ সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেরও সদস্য ছিলেন এই তারকা।

কোচ জর্জ জেসুসের সঙ্গে বিবাদেই কি অবসরের সিদ্ধান্ত?

রোনাল্ডোর অবসরের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। ২৭ সেপ্টেম্বর নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল পর্তুগাল। সেই ম্যাচে প্রথম একাদশে তো ছিলেনই না, পরিবর্ত হিসেবেও মাঠে নামানো হয়নি রোনাল্ডোকে। রোনাল্ডোর দাবি ছিল, কোচের সঙ্গে তাঁর খেলার সময় নিয়ে আগে আলোচনা হয়েছিল। নরওয়ের বিরুদ্ধে তাঁকে প্রায় ৩০ মিনিট খেলানোর কথা ছিল বলেও জানিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী বিরতির পর ওয়ার্ম আপও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি। এরপর কোচের সঙ্গে কথা এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনার পর ডেনমার্ক ম্যাচের আগে জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান তিনি।

শাস্তি, ক্ষমা চাওয়া এবং শেষ পর্যন্ত অবসর

জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন রোনাল্ডো। পরে সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। নিজের ভুলের জন্য শাস্তি দেওয়ার আবেদনও করেছিলেন পর্তুগালের অধিনায়ক। এই ঘটনায় তাঁকে ৩০ দিনের নির্বাসন এবং ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছিল। এর আগে রোনাল্ডো জানিয়েছিলেন, শাস্তির মেয়াদ শেষ হলে তিনি আবার পর্তুগালের হয়ে খেলতে প্রস্তুত। কিন্তু ৫ নভেম্বরের অবসরের ঘোষণায় সেই সম্ভাবনার অবসান ঘটল। তবে কোচের সঙ্গে বিবাদই যে তাঁর অবসরের একমাত্র কারণ, এমন কোনও কথা রোনাল্ডো নিজে জানাননি।

বিশ্বকাপ অধরা থেকেই গেল

বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক ট্রফি জিতলেও ফিফা বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল রোনাল্ডোর। ২০০৬ সালে পর্তুগাল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৬ সালে শেষ ষোলো থেকে বিদায় নেয় দল। তবুও পর্তুগালের ফুটবল ইতিহাসে রোনাল্ডোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২৩৪ ম্যাচ, ১৪৬ গোল, একটি ইউরো কাপ এবং দুটি নেশনস লিগ ট্রফি নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7। ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে তাঁর খেলা অবশ্য এখনই শেষ হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় বন্ধ হলেও কেরিয়ারের ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন তিনি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now