পালাবদলের পর এই নিয়ে রাজ্যে চার এনকাউন্টার। বারুইপুর থেকে শুরু করে এবার উত্তর দিনাজপুরের (Raiganj Encounter) রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে মূল অভিযুক্ত দিলীপ রায়ের (৪৬) মৃত্যু হল পুলিশের গুলিতে। চার দিন ধরে তল্লাশি চালিয়েও অভিযুক্তের নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে বাংলা-বিহার সীমান্তের পারারপুকুর ঘাট এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় দিলীপ। তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এই নিয়ে গত ছ’মাসে রাজ্যে চারটি পৃথক ঘটনায় পুলিশের এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা ঘটল।
Table of Contents
কীভাবে ঘটনার সূত্রপাত?
গত মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের ওই নাবালিকা। পরিবারের দাবি, পাশের বাড়ির বাসিন্দা দিলীপ রায় ওই নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে সঙ্গে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ হয় কিশোরী। পরিবারের তরফে রায়গঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার, ৫ নভেম্বর কুলিকের আব্দুলঘাটা ফরেস্ট এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। পোশাক দেখে দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যেরা। নাবালিকার পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব
(Raiganj Encounter) তদন্তে দিলীপ রায়ের নাম উঠে আসার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। জানা গিয়েছে, দিলীপ রায়ের বাড়ি রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশের অনুমান ছিল, অভিযুক্ত বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন পারারপুকুর ঘাট এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছে দিলীপ। সোমবার ভোর প্রায় ৩টে থেকে ৪টের মধ্যে সেখানে অভিযান চালায় রায়গঞ্জ থানার বিশেষ পুলিশ দল।
পুলিশের অভিযোগ, তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই ৯ এমএম পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে দিলীপ। পুলিশের গাড়ির টায়ার-সহ একাধিক জায়গায় গুলি লাগে। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশও। তাতেই গুরুতর জখম হয় অভিযুক্ত। দ্রুত তাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধার ৯ এমএম পিস্তল, তদন্তে একাধিক প্রশ্ন
(Raiganj Encounter) ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ময়নাতদন্তে নাবালিকার দেহে ধর্ষণের প্রমাণ মিলেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং হাড় ভাঙার প্রমাণও পাওয়া গিয়েছে বলে দাবি। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এনকাউন্টার নিয়ে পুলিশের তরফে বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ছ’মাসে রাজ্যে চতুর্থ এনকাউন্টার
উল্লেখ্য, গত জুলাইয়ে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের এনকাউন্টারে। এরপর গত ২৭ অক্টোবর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল হক এবং ২৮ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের এনকাউন্টারে। এবার সেই তালিকায় যুক্ত হল রায়গঞ্জের দিলীপ রায়ের নাম। (Raiganj Encounter) পরপর চারটি ঘটনায় পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের অভিযান নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।













