বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও আপাতত দেশে ফেরার পথ আরও কঠিন হয়ে উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনার। নতুন পাসপোর্ট দেওয়ার আবেদন জানালেও তা মঞ্জুর করতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বরং ভারতের সঙ্গে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষেই সওয়াল করেছে ঢাকা। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও আইনি সমীকরণ নতুন করে আলোচনায়।
Table of Contents
পাসপোর্ট দিতে নারাজ বাংলাদেশ
দীর্ঘদিন ধরেই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা। কিন্তু তাঁর সেই প্রত্যাবর্তনের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থান। হাসিনাকে নতুন পাসপোর্ট দিতে রাজি নয় ঢাকা। বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেওয়ার বিধান নেই। তাঁর কথায়, “বাংলাদেশ কোনও সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।”
প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর দাবি
(Sheikh Hasina) হাসিনাকে ফেরাতে ২০১৩ সালে তাঁর সরকারের আমলেই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, গ্রহণযোগ্য বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও জানিয়েছেন, হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট।
ভারতের অবস্থান কী?
অন্যদিকে, গত মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, (Sheikh Hasina) হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তাঁর বক্তব্য, বাংলাদেশে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সঠিক তথ্য দিতে পারবে।
লন্ডনের আইনি সংস্থার মাধ্যমে আবেদন
জানা গিয়েছে, শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে সেই আবেদন আদৌ গৃহীত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাসপোর্ট না প্রত্যর্পণ—কোন পথে এগোবে (Sheikh Hasina) হাসিনার প্রত্যাবর্তন, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।














