কলকাতার আরসালান রেস্তরাঁর টেগর পার্ক (রুবি) শাখাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মন্দিরের জায়গা দখল করে শেড নির্মাণ এবং মন্দিরের পিছনের রাস্তা রেস্তরাঁর কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সংশ্লিষ্ট পক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। (Arsalan Restaurant Controversy)
কী অভিযোগ উঠেছে আরসালানের বিরুদ্ধে?
ইএম বাইপাস সংলগ্ন আরসালানের টেগর পার্ক রোডের শাখাকে কেন্দ্র করে এই বিতর্ক। অভিযোগ, মন্দিরের জায়গার উপর বেআইনিভাবে শেড তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের পিছনের রাস্তা দিয়ে রেস্তরাঁর খাবার এবং অন্যান্য সরঞ্জাম আনা-নেওয়া করা হচ্ছে। এমনকী মন্দিরের ভিতরেও রেস্তরাঁর বিভিন্ন সরঞ্জাম ও কন্টেনার রাখা হচ্ছে বলে অভিযোগ।(Arsalan Restaurant Controversy)
ঘটনাস্থলে বিজেপি, ভাইরাল ভিডিয়ো
এই অভিযোগ সামনে আসার পরই সরব হয় বিজেপি। দলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ফেসবুক লাইভ করেন। সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালেরও। এরপরই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বেআইনিভাবে শেড নির্মাণ এবং রাস্তা ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট পক্ষকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপের সময় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
মন্দিরে শিবলিঙ্গ ছিল কি?
এই ঘটনায় জমির মালিকের বক্তব্য অবশ্য আলাদা। তাঁর দাবি, ওই জমিতে তিনি নিজেই মন্দির তৈরি করেছিলেন। তবে সেখানে কোনও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়নি। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, আগে ওই মন্দিরে শিবলিঙ্গ ছিল। পরে সেটি খোদাই করে তুলে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, বর্তমানে মন্দিরে কোনও বিগ্রহ নেই। বরং মন্দিরের ভিতরে রেস্তরাঁর বিভিন্ন সামগ্রী রাখা হচ্ছে।
সব মিলিয়ে জমির মালিকের বক্তব্য এবং বিজেপির অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মন্দিরের জায়গা বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, শিবলিঙ্গ সরানোর অভিযোগের সত্যতা কতটা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার। (Arsalan Restaurant Controversy)













