তেলঙ্গানায় মাত্র ১৭ বছর বয়সি এক মহিলা ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম নন্দিনী। তিনি BCCI-র অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন। ভিকারাবাদ শহরের মধু কলোনিতে দিদিমার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, দুই যুবকের লাগাতার হয়রানির শিকার হচ্ছিলেন নন্দিনী। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও আত্মীয়রা। (Nandini Cricketer Death)
দুই যুবকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
নন্দিনীর আদি বাড়ি তেলঙ্গানার ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামে। পড়াশোনা এবং ক্রিকেটের প্রশিক্ষণের জন্য তিনি ভিকারাবাদ শহরের মধু কলোনিতে দিদিমার বাড়িতে থাকতেন। পরিবারের অভিযোগ, অনিল এবং কৃষ্ণ নামে দুই যুবক তাঁকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল। অনিল প্রেমের অজুহাতে নন্দিনীর পিছনে ঘুরতেন বলে অভিযোগ। অন্যদিকে, কৃষ্ণ তাঁকে এই কাজে সাহায্য করতেন বলে দাবি পরিবারের। আত্মীয়দের সন্দেহ, এই হয়রানির কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নন্দিনী। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। (Nandini Cricketer Death)
মোবাইল ও সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভিকারাবাদ থানার পুলিশ। সার্কেল ইনস্পেক্টর রঘু জানান, নন্দিনীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁকে বিরক্ত বা হেনস্থা করেছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর নন্দিনীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান রঘু।
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
নন্দিনীর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়রা। অনিল ও কৃষ্ণকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে ভিকারাবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগে নাম থাকা দুই যুবককে আটক করা হয়েছে। তবে নন্দিনীর মৃত্যুর পিছনে তাঁদের কোনও ভূমিকা ছিল কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। ডিজিটাল তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করা হবে। (Nandini Cricketer Death)












