ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যমুনা দূষণ রুখতে কড়া সুপ্রিম কোর্ট, জল খারাপ হলেই জরিমানা রাজ্য ও জেলাকে

---Advertisement---

যমুনার জল দূষণ বাড়লে এবার আর রেহাই নেই। নদীর জল যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেখানে জলের গুণমান খারাপ হলে সংশ্লিষ্ট প্রশাসনকে জরিমানা দিতে হবে। এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলই নয়, প্রয়োজনে নির্দিষ্ট জেলার বিরুদ্ধেও আর্থিক জরিমানা করা হবে। জরিমানার টাকা জমা পড়বে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে। (Supreme Court Yamuna Pollution Fine)

বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দূষণের জরিমানা কীভাবে নির্ধারণ করা হবে, সেই হিসাব তৈরি করতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে (CPCB) নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তের পর সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দূষণকারী ব্যক্তি কিংবা দায়িত্বে গাফিলতি করা আধিকারিকদের কাছ থেকে সেই টাকা আদায় করতে পারবে।

৫২০ নর্দমা নিয়ে উদ্বেগ

আদালতের পর্যবেক্ষণ, যমুনার বর্তমান অবস্থা নদীর ধারের শহর, গ্রাম এবং এলাকার নাগরিক পরিষেবার ব্যর্থতাকেই তুলে ধরছে। নদীতে প্রায় ৫২০ টি নর্দমার জল মিশছে। বিপুল অর্থ খরচ করেও দূষণ কমানো যাচ্ছে না। তাই শিল্পবর্জ্য এবং অপরিশোধিত নিকাশি জল নদীতে পড়া বন্ধ করতে হবে। যমুনার দিল্লি অংশে মাত্র ২২ কিলোমিটার এলাকা, অর্থাৎ নদীর মোট দৈর্ঘ্যের প্রায় ২ শতাংশ, সবচেয়ে বেশি দূষণ ছড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। (Supreme Court Yamuna Pollution Fine)

শোধনাগারে নজরদারি বাড়ানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ, সমস্ত নিকাশি শোধনাগার (STP) এবং শিল্পবর্জ্য শোধনাগারে (CETP) আধুনিক নজরদারি ব্যবস্থা বসাতে হবে। এক মাসের মধ্যে বসাতে হবে বিশেষ স্মার্ট বিদ্যুৎ মিটার। জলের গুণমান এবং পরিমাণের তথ্য সরাসরি অনলাইনে প্রকাশ করতে হবে। ২৪ ঘণ্টার বেশি তথ্য আপলোড বন্ধ থাকলে সংশ্লিষ্ট শোধনাগার কাজ করছে না বলে ধরে নেওয়া হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে জলের নমুনা পরীক্ষা করতে হবে।

যমুনাকে একটিই নদী হিসেবে দেখার নির্দেশ

আদালতের বক্তব্য, যমুনাকে আলাদা আলাদা রাজ্যের নদী হিসেবে নয়, একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র হিসেবে দেখতে হবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ—প্রত্যেকেরই নদীকে দূষণমুক্ত রাখার দায়িত্ব রয়েছে। নদীর ধারের অবৈধ বসতি এবং নিকাশি ব্যবস্থার সমস্যাও দূর করার নির্দেশ দিয়েছে আদালত। তবে যোগ্য বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। (Supreme Court Yamuna Pollution Fine)

উল্লেখ্য, যমুনা অ্যাকশন প্ল্যানের আওতায় ১২৫ টি নতুন নিকাশি শোধনাগার তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০ টি পুরনো শোধনাগারের উন্নতি এবং ৫২০টি নর্দমার জল পরিশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুধু নতুন শোধনাগার তৈরি করলেই নদী দূষণমুক্ত হবে না বলে সতর্ক করেছে আদালত। আগামী ১৩ জানুয়ারি, ২০২৭ এই মামলার পরবর্তী শুনানি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now