ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, পাকিস্তানকে হারিয়ে সাফ জয়ে ভারতের হ্যাটট্রিক

IND VS PAK_1
---Advertisement---

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন, ২-১ গোলে জয় ভারতের। সুহেল ভাট ও সন্দীপ মান্ডির গোলে পাকিস্তান-বধ। ক্রিকেটের পর ফুটবলেও প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের দাপট।

ক্রিকেট হোক, হকি কিংবা ফুটবল—প্রতিপক্ষ পাকিস্তান হলেই যেন অন্য মেজাজে ধরা দেয় ভারত। মাঠ বদলায়, খেলার ধরন বদলায়, কখনও জয়ের ব্যবধান বাড়ে, কখনও কমে। কিন্তু দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে ফলাফল যেন একই থাকে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে যুব এশিয়া কাপ জয়ের আনন্দ কাটতে না কাটতেই এবার ফুটবলেও পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে দশমবার সাফ চ্যাম্পিয়নের মুকুট উঠল ভারতের মাথায়। একই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিকও পূর্ণ করল নৌশাদ মুসার দল। (India vs Pakistan)

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের মাটিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ফাইনালের লড়াইয়ে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি ভারতীয় দলের। প্রথমার্ধে একাধিক আক্রমণ সামলাতে হয়েছে। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে গোল হজম করে পিছিয়ে পড়ে ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য ছবি। প্রথমার্ধের ভুল শুধরে আক্রমণের ঝড় তোলে ভারতীয় ফুটবলাররা। শেষ পর্যন্ত সুহেল ভাট ও সন্দীপ মান্ডির গোলে ঐতিহাসিক জয় আসে। ভারতের দুই গোলদাতার এই যুগলবন্দীতে যেন মিশে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের ফুটবল-আবেগ।

প্রথমার্ধে পাকিস্তানের দাপট, বিরতির আগে গোল হজম ভারতের

সাফ কাপের ফাইনালে দুই দলের লড়াই যে সহজ হবে না, তা আগেই বোঝা গিয়েছিল। প্রাথমিক পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে ফাইনালের গুরুত্ব ছিল আলাদা। নিজেদের শক্তি বাড়াতে অনাবাসী ফুটবলারদেরও দলে নিয়ে এসেছিল পাকিস্তান। অন্যদিকে, দলের ভিতরের ছোটখাটো সমস্যা সামলে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নেমেছিল নৌশাদ মুসার ভারত।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান। যদিও প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সুহেল ভাট। এরপর একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে পাকিস্তান। তবে ডিফেন্ডারদের লড়াই এবং গোলরক্ষক অর্শ শেখের দুরন্ত পারফরম্যান্সে বেশ কিছুক্ষণ গোলমুখ বন্ধ রাখতে সক্ষম হয় ভারত। (India vs Pakistan)

1000506565

তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে আর শেষরক্ষা হয়নি। পাকিস্তানের হয়ে গোল করেন আলমগির গাজি। জুনেদ শাহের নিচু পাস খাইমিনথাং লুংডিমের পায়ে লেগে দিক পরিবর্তন করে পৌঁছে যায় গাজির কাছে। সুযোগ পেয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ফলে বিরতির সময় ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।

জুনেদের লাল কার্ড বদলে দিল ম্যাচের ছবি

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ভারত। ৫১ মিনিটে পাকিস্তানের গোলরক্ষককে সামনে পেয়েও তাঁর গায়ে বল মেরে সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। কিছুক্ষণের মধ্যেই গোলের সুযোগ পেয়েছিল পাকিস্তানও। তবে তারাও কাজে লাগাতে পারেনি। ৫৩ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন সুহেল।

এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৯ মিনিটে ব্রিসন ফার্নান্ডেজকে বিশ্রী ফাউল করেন পাকিস্তানের জুনেদ শাহ। রেফারি ভিএআর দেখে তাঁকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন। ফলে বাকি ম্যাচে ১০ জনকে নিয়েই খেলতে হয় পাকিস্তানকে।

এই সুযোগ হাতছাড়া করেনি ভারত। ৬১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সুহেল ভাট। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারতীয় দল। বিষ্ণু, সুহেল ও সন্দীপের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় পাকিস্তানের রক্ষণ। অন্যদিকে, গোল হজম না করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পাকিস্তান।

কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। ম্যাচের শেষ ভাগে সন্দীপ মান্ডির গোলেই কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখে ভারত। ২-১ ব্যবধানে ফাইনাল জিতে দশমবার সাফ চ্যাম্পিয়ন হয় নৌশাদ মুসার দল।

এই জয়ের সঙ্গে আরও একটি বড় কৃতিত্ব যোগ হল ভারতের মুকুটে। সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার খেতাব জিতে হ্যাটট্রিক পূর্ণ করল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও ভারতের দখলেই। তুলনায় দুর্বল দল নিয়েও এবার খেতাব জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ফের প্রমাণ করল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ফুটবলে দুই দলের মোট ১১টি দ্বৈরথের মধ্যে ৯টিতেই জয় ভারতের। পাকিস্তানের জয় মাত্র একবার। আরও একবার প্রমাণিত, প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের জয়ের ধারায় ছেদ পড়া সহজ নয়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now