ইউক্রেনের উপর রাশিয়ার হামলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন মহল থেকে রাশিয়াকে বার্তা দেওয়া হয়েছে আক্রমণ বন্ধের জন্য। রাশিয়া যুদ্ধ বিরতির ঘোষণা করেও ফের হামলা চালিয়েছে। এ বার সম্ভবত প্রকৃতির দিকে তাকিয়ে সেই হামলা বন্ধ হতে চলেছে। অন্তত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে সেটাই বিশ্বাস করতে হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন যেন অন্তত এক সপ্তাহ ইউক্রেনের রাজধানী কিভ এবং অন্য শহরে হামলা না চালানো হয়। প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বলেই এই অনুরোধ করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, পুতিন এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন, যদিও রাশিয়ার তরফে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
ইউক্রেনের ট্রেনে হামলা রাশিয়ার, মৃত ১২
এর মধ্যেই ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলায় তিন জনের মৃত্যু হয়েছে। একটি বহুতলে আগুন লেগে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও আগুন নেভাতে রাতভর দমকলকর্মীদের লড়াই করতে হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি সতর্ক করে জানিয়েছেন, রাশিয়া আরও বড় আকারের আকাশ হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁর অভিযোগ, চলমান শান্তি আলোচনাকে দুর্বল করে দিচ্ছে এই ধারাবাহিক আক্রমণ।
রাশিয়ার আক্রমণের সঙ্গে তীব্র শীত পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেনের বহু এলাকায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে সতর্ক করেছে জরুরি পরিষেবা বিভাগ। বিদ্যুৎ, গরম জল ও আলোর অভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।












