এবার কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। গত ৩৭ বছরে এই প্রথম উপত্যকায় আর কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই। স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতাও কার্যত শূন্যে নেমে এসেছে। শেষ স্থানীয় জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। তবে স্থানীয় জঙ্গি না থাকলেও বিপদ পুরোপুরি কাটেনি। বরং শীতের আগে নতুন করে অনুপ্রবেশের ছক কষছে পাকিস্তান। নিরাপত্তা সংস্থাগুলির নজরে রয়েছে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি।
Kashmir Local Terrorists: স্থানীয় যুবকদের জঙ্গি হওয়ার প্রবণতা তলানিতে
পরিসংখ্যান বলছে, কাশ্মীরে জঙ্গি সংগঠনে স্থানীয় যুবকদের যোগ দেওয়ার সংখ্যা গত কয়েক বছরে দ্রুত কমেছে। ২০১৮ সালে ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিলেন। ২০২১ সালে সেই সংখ্যা ছিল ১৪৬, ২০২২ সালে ১২১। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১৯-এ। ২০২৪ সালে যোগ দেন ৪ জন এবং ২০২৫ সালে মাত্র ১ জন। চলতি বছরে এখনও পর্যন্ত কোনও স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দেননি। শেষ স্থানীয় জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর উপত্যকায় স্থানীয় জঙ্গিদের অস্তিত্বও শেষ হয়েছে।
শীতের আগে অনুপ্রবেশের নতুন পরিকল্পনা
তবে এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। নিরাপত্তা আধিকারিকদের আশঙ্কা, স্থানীয়দের সমর্থন না পেয়ে এবার পাকিস্তান সরাসরি ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বাড়াতে পারে। সেই লক্ষ্যেই নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর লঞ্চপ্যাডগুলি আবার সক্রিয় করা হয়েছে। তবে এবার বড় দল নয়, ছোট ছোট দলে জঙ্গিদের রাখা হচ্ছে। প্রতিটি দলে লস্কর-ই-তইবা বা জইশ-ই-মহম্মদের ২-৩ জন করে সদস্য রয়েছে। পীরপাঞ্জাল পর্বতের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় রয়েছে বলে অনুমান।
অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় পাকিস্তানের একাধিক বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছিল। তার মধ্যে বাহাওয়ালপুরে জইশের সদর দফতর মার্কাজ সুবহান আল্লাহও ছিল। এরপর থেকেই কৌশল বদলেছে জঙ্গিরা।
জঙ্গি দমনে বাড়তি নজরদারি
শীতকালে জঙ্গিরা সাধারণত জঙ্গল কিংবা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সেই সুযোগ বন্ধ করতে দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় প্রায় ১০০টি অস্থায়ী নিরাপত্তা শিবির তৈরি করেছে বাহিনী। পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় সম্ভাব্য বর্ডার অ্যাকশন টিম (BAT) হামলার আশঙ্কাতেও সতর্ক রয়েছে নিরাপত্তাবাহিনী। অন্যদিকে, পীরপাঞ্জালের দক্ষিণে জঙ্গিদের পুরনো নেটওয়ার্ক ভাঙতেও উদ্যোগী হয়েছে প্রশাসন।
সব মিলিয়ে কাশ্মীর আপাতত জঙ্গিমুক্ত হলেও পাকিস্তান নতুন কী ছক কষছে তা জানার চেষ্টা করছে ভারতীয় সেনা। আগামী দিনে যাতে সফলভাবে সেই ছক বানচাল করা যায় তার জন্য সমস্ত আগাম সতর্কতাও নেওয়া হচ্ছে।














