ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্যাটার ক্রিজে নেই, ফাঁকা স্টাম্পে বল করে উইকেট নিলেন বোলার! বিগ ব্যাশে নজিরবিহীন কাণ্ড

Deandra Dottin Timed Out
---Advertisement---

ক্রিকেটে নো-বল হলে ব্যাটার পান ফ্রি হিট। কিন্তু ব্যাটার সময়মতো ক্রিজে না পৌঁছলে বোলারও যে ফাঁকা স্টাম্পে বল করার সুযোগ পেতে পারেন, তা অনেকেরই অজানা। অস্ট্রেলিয়ার মহিলাদের বিগ ব্যাশ লিগে (WBBL) এবার এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ব্যাটারকে পিচ থেকে পাঁচ মিটার দূরে দাঁড় করিয়ে ফাঁকা স্টাম্পে বল করে উইকেট তুলে নিলেন বোলার। আর এই বিরল ঘটনার শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার দিয়েন্ড্রা ডটিন। বিগ ব্যাশের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটার এই নিয়মে আউট হলেন।

কেন ক্রিজে পৌঁছতে পারেননি ডটিন?

বুধবার মেলবোর্নের জাংশন ওভালে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিট। ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস। ইনিংসের ১৫তম ওভারে দলের স্কোর যখন ৯৭/৪, তখন ছয় নম্বরে ব্যাট করতে নামার কথা ছিল ডটিনের। কিন্তু ডাগআউট থেকে বেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে পারেননি তিনি। (Deandra Dottin Timed Out WBBL)

দুই আম্পায়ার ঘড়ি দেখে আলোচনা করে জানান, ডটিন ৭৫ সেকেন্ডের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। এরপরই বিগ ব্যাশের বিশেষ নিয়ম অনুযায়ী তাঁকে স্টাম্প থেকে অন্তত পাঁচ মিটার দূরে সরে দাঁড়াতে বলা হয়।

কী এই অদ্ভুত নিয়ম?

আন্তর্জাতিক ক্রিকেটে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটার ক্রিজে না পৌঁছলে তাঁকে ‘টাইমড আউট’ দেওয়া হয়। ২০২৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসও এই নিয়মে আউট হয়েছিলেন।

তবে বিগ ব্যাশে ২০২১-২২ মরশুম থেকে চালু রয়েছে আলাদা নিয়ম। ৭৫ সেকেন্ডের মধ্যে নতুন ব্যাটার প্রস্তুত না হলে তাঁকে সরাসরি আউট না দিয়ে স্টাম্প থেকে পাঁচ মিটার দূরে দাঁড় করানো হয়। এরপর বোলার ফাঁকা স্টাম্প লক্ষ্য করে বল করতে পারেন।

ইতিহাস গড়লেন সারা গ্লেন

ডটিনকে সরিয়ে দাঁড় করানোর পর সুযোগ কাজে লাগান ব্রিসবেন হিটের ইংরেজ লেগ স্পিনার সারা গ্লেন। সামনে কোনও ব্যাটার না থাকায় সরাসরি উইকেট লক্ষ্য করে বল করেন তিনি। আর তাতেই ভেঙে যায় স্টাম্প। ডটিনকে ফিরতে হয় সাজঘরে।

পুরুষ ও মহিলা, দুই বিগ ব্যাশ মিলিয়েই এই নিয়মে প্রথম আউট হওয়া ক্রিকেটার হলেন ডটিন। তবে তাঁর এই অদ্ভুত বিদায়ের পরও শেষ হাসি হাসে মেলবোর্ন রেনেগেডস। ম্যাচের একেবারে শেষ বলে জয় ছিনিয়ে নেয় তারা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now