বিহারের মকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ঘিরে এখন সাজো সাজো রব। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পটনার নাদাওয়ান গ্রামে কার্যত বসেছে মেলা। ঘোড়দৌড়, হেলিপ্যাড, রাজকীয় মণ্ডপ থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের জন্য ভোজ—সব আয়োজনেই রয়েছে চমক। আমন্ত্রণপত্র থাকুক বা না থাকুক, সকলের জন্যই খোলা বিয়েবাড়ির দরজা। অনন্ত সিংয়ের কথায়, ‘কোই সিনেমা থোড়ি হ্যায়, জো টিকিট লাগেগা!’ অর্থাৎ, এটা তো সিনেমা নয় যে টিকিট কাটতে হবে। (Anant Singh Daughter Wedding)
পাঁচ লক্ষ মানুষের ভিড়, ঘোড়দৌড়ে উপচে পড়ল মাঠ
বৃহস্পতিবার তাঁর ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র ঋষিকেশ কুমার, যিনি সিআরপিএফ কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন তিনি। বিয়ের আগে তিলক অনুষ্ঠানে তাঁকে প্রায় তিন কোটি টাকা মূল্যের সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার, ১০০ গ্রামের সোনার চেন এবং ৮০ গ্রামের সোনার ব্রেসলেট উপহার দেওয়া হয়েছে বলে খবর।
বুধবার থেকেই নাদাওয়ান গ্রামে মানুষের ঢল নামে। স্থানীয় অনুমান অনুযায়ী, চার থেকে পাঁচ লক্ষ মানুষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ১২ বিঘা জমিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ৫২টি ঘোড়া নিয়ে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নেন। বিজয়ীর জন্য রাখা হয়েছে নতুন মাহিন্দ্রা থর। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রতিযোগিতা বন্ধ করতে হয়। বৃহস্পতিবার হবে চূড়ান্ত পর্ব।
হেলিকপ্টারে অতিথি, মেনুতে ১৫০-র বেশি পদ
ভিআইপি অতিথিদের জন্য তৈরি হয়েছে বিশেষ হেলিপ্যাড। সেখানে হেলিকপ্টারে পৌঁছন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংও অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচার এবং জন সুরাজ পার্টির প্রার্থীকে সমর্থন করায় গত মাসে জেডিইউ অনন্ত সিংকে ছ’বছরের জন্য বহিষ্কার করে। বিধায়ক পদ নিয়েও তাঁর সামনে অযোগ্য ঘোষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অতিথিদের জন্য ১৫০-র বেশি পদ। রান্নার দায়িত্বে ৫০০-র বেশি রাঁধুনি। ট্যাঙ্কারে করে এসেছে হাজার হাজার কেজি দুধ। তৈরি হয়েছে ২৫ লক্ষ রসগোল্লা, প্রস্তুত হচ্ছে ৫০ লক্ষ গুলাব জামুন।
গোলাপি প্রাসাদের আদলে বিয়ের মণ্ডপ
বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সাজানো হয়েছে আলো, তোরণ ও স্তম্ভ দিয়ে। প্রায় ১০ বিঘা জমিতে তৈরি হয়েছে মূল মণ্ডপ। জয়মালার মঞ্চটি গোলাপি রঙের, প্রায় ১০০ ফুট চওড়া ও ৩০ ফুট উঁচু। জয়পুরের পত্রিকা গেটের আদলে তৈরি এই মণ্ডপ সাজাতে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাজির। (Anant Singh Daughter Wedding)
উল্লেখ্য, অনন্ত সিংয়ের বড় মেয়ে রাজ নন্দিনীর বিয়ে হয়েছিল ২০১৫ সালে। এবার ছোট মেয়ের বিয়ের আয়োজনও নজর কেড়েছে গোটা বিহারে। তবে দুলারচাঁদ যাদব খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত অনন্ত সিংকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিতর্কের মধ্যেই চলছে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান।














