ক্রিকেটের আইনকানুনে বড়সড় পরিবর্তন আনল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। মোট ৭৩টি সংশোধনী ঘোষণা করা হয়েছে, যা চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে (Cricket Rules)। এই পরিবর্তনগুলি নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কিছু নিয়মকে স্বাগত জানানো হলেও, কয়েকটি সংশোধনী নিয়ে প্রশ্নও উঠছে। MCC স্পষ্ট জানিয়েছে, এই বদলের মূল উদ্দেশ্য অপেশাদার ক্রিকেটারদের সুবিধা বাড়ানো এবং ক্রিকেটকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।
Table of Contents
Cricket Rules: ব্যাট সংক্রান্ত পরিবর্তন
দীর্ঘদিন ধরেই ভালো মানের ব্যাটের অভাব এবং ইংলিশ উইলো কাঠের সংকট নিয়ে অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতেই MCC বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার অপেশাদার ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহার বৈধ করা হয়েছে। অর্থাৎ ব্যাটের শক্তি ও স্থায়িত্ব বাড়াতে একাধিক কাঠের স্তর ব্যবহার করা যাবে। এতদিন এই সুবিধা শুধুমাত্র জুনিয়র ক্রিকেটে ছিল। MCC-র দাবি, এতে পরিবেশের উপর চাপ কমবে এবং ব্যাট আরও সাশ্রয়ী হবে।
দিনের শেষ ওভার সংক্রান্ত নিয়ম
টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভারে উইকেট পড়লে খেলা সেখানেই শেষ করার চল ছিল। নতুন নিয়মে সেই ব্যবস্থা উঠে যাচ্ছে। যদি শেষ ওভারে কোনও উইকেট পড়ে, তবে ওভারের বাকি বলগুলো খেলতেই হবে। এতে খেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছে MCC।

‘বানি হপ’ ক্যাচে কড়াকড়ি
বাউন্ডারির বাইরে লাফ দিয়ে বল ঠেলে আবার ভিতরে ঢুকে ক্যাচ ধরার ঘটনা বহুবার বিতর্ক তৈরি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফ দিয়ে কেবল একবারই বল স্পর্শ করতে পারবেন। ক্যাচ ধরতে হলে তাঁকে অবশ্যই বাউন্ডারির ভিতরে থাকতে হবে।
উইকেটকিপারের অবস্থান
বোলার রান-আপ শুরু করলে উইকেটকিপার স্টাম্পের সামনে গ্লাভস রাখতে পারবেন। তবে বল রিলিজ়ের আগেই গ্লাভস স্টাম্পের পিছনে নিতে হবে। এতে স্পিনারদের ক্ষেত্রে কিপিং কিছুটা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হিট উইকেটের ব্যাখ্যা
শট খেলতে গিয়ে ব্যাটার নিজের ভারসাম্য হারিয়ে উইকেট ভেঙে ফেললে তা হিট উইকেট হিসেবে গণ্য হবে। তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে বা ফিল্ডারের গায়ে লেগে ব্যাটারের সরঞ্জাম স্টাম্পে লাগলে সেটিকে হিট উইকেট ধরা হবে না।
ডেড বল ও ওভার থ্রো
এবার থেকে বল ডেড কি না, তা নির্ধারণ করবেন মাঠের আম্পায়ার। শুধু ফিল্ডারের হাতে বল গেলেই ডেড বল ধরা হবে না। অন্যদিকে, ব্যাটারকে আউট করার উদ্দেশ্যে উইকেটে বল ছুড়ে দিলে তবেই তা ওভার থ্রো হিসেবে গণ্য হবে।
ইনিংস ডিক্লেয়ার ও শব্দ পরিবর্তন
নতুন নিয়মে টেস্টের চতুর্থ ইনিংসে আর ইনিংস ডিক্লেয়ার করা যাবে না। পাশাপাশি, লিঙ্গ-নিরপেক্ষ ভাষা ব্যবহারের জন্য ‘ব্যাটসম্যান’ শব্দটি বাদ দিয়ে ‘ব্যাটার’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে MCC।
সব মিলিয়ে, এই সংশোধনীগুলি ক্রিকেটকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার দিকেই বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










