গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি। চারদিকে যুদ্ধের প্রস্তুতি। দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত ভারতীয় সেনা। আর সেই সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সলমন খান। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার। ট্রেলারে ভারতীয় সেনার এক কমান্ডিং অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে সলমনকে। চিনা সেনার সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও নিজের বাহিনীকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে তাঁকে। ট্রেলারের একটি সংলাপ ইতিমধ্যেই নজর কেড়েছে। চিনা সেনার উদ্দেশে সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘Let’s sort this sh*t bro’। (Salman Khan Maatrubhumi Trailer)
অ্যাকশন ও আবেগের মিশেল ট্রেলারে
পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবিতে যুদ্ধের দৃশ্যের পাশাপাশি গুরুত্ব পেয়েছে সেনাদের ব্যক্তিগত জীবন। দেশের প্রতি কর্তব্য এবং পরিবারের প্রতি দায়িত্বের মধ্যে কীভাবে প্রতিনিয়ত লড়াই করতে হয় সেনাদের, তারও আভাস মিলেছে ট্রেলারে। সলমনের পাশাপাশি ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। দু’জনের রসায়নও বেশ নজর কেড়েছে। তবে ট্রেলারের অন্যতম আকর্ষণ ভারতীয় ও চিনা সেনাদের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য। দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেখানে। নিজের এক্স হ্যান্ডেলে ট্রেলারটি প্রকাশ করে সলমন লিখেছেন, ‘আজ প্রকাশ করব, না কাল? যে কাজ কাল করবে, তা আজ করো। আর আজকের কাজ এখনই করো।’ এরপর দর্শকদের ট্রেলার দেখার আমন্ত্রণ জানান অভিনেতা। (Salman Khan Maatrubhumi Trailer)
২০২০ সালের গালওয়ান সংঘর্ষ থেকে অনুপ্রেরণা
‘মাতৃভূমি’ ছবিটি ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান নদী ঘেঁষা উপত্যকায় ভারত ও চিনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। শহিদদের মধ্যে ছিলেন কর্নেল বি সন্তোষ বাবু। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছিল। ছবিতে সেই সংঘর্ষের প্রেক্ষাপটে সেনাদের সাহস, কর্তব্যবোধ এবং আত্মত্যাগের দিকটি তুলে ধরা হয়েছে। (Salman Khan Maatrubhumi Trailer)
৪ ডিসেম্বর বড়পর্দায় ‘মাতৃভূমি’
সলমন খান অভিনীত ছবিটি আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিতে সলমন ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি রয়েছে যুদ্ধের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্যদিকে, একই সময়ে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ঈঠা’ ছবির সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতায় নামতে পারে ‘মাতৃভূমি’। (Salman Khan Maatrubhumi Trailer)














