ফ্রিজের ভিতরে জমেছে বরফ। আর সেটা নিয়ে শুরু হলো আলোচনা। দাবি, বরফ জমে সেটি শিবলিঙ্গের আকার নিয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার খেরিয়া মোড় এলাকার নাগলা ভুজার একটি গৃহস্থ বাড়িতে। এই ঘটনাটি ছড়িয়ে পড়তে সেই বাড়িতে স্থানীয়দের ভিড় জমতে শুরু করেছে। প্রতিবেশীরা প্রথমে বিষয়টি জানতে পেরে বাড়িতে পৌঁছন। পরে ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকেও বহু মানুষ সেখানে আসতে শুরু করেন। অনেকেই এই বরফের গঠনকে ভগবান শিবের অলৌকিক আশীর্বাদ বলে মনে করছেন। (Agra Fridge Shivling)
স্থানীয়দের দাবি, ফ্রিজের ভিতরে এমন আকৃতির বরফ আগে কখনও দেখা যায়নি। শিবলিঙ্গের মতো দেখতে ওই বরফের সামনে জলাভিষেক করা হয় এবং “হর হর মহাদেব” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কেউ পরিবার নিয়ে, কেউ আবার সামাজিক মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছে প্রার্থনা করেন। ভাইরাল হওয়া ছবিতে বরফের গঠনের পাশে ভক্তদের নিবেদন করা পয়সাও দেখা গিয়েছে। অনেকেই এই ঘটনাকে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গের সঙ্গে তুলনা করছেন। (Agra Fridge Shivling)
তবে একদিকে যখন আগ্রার এই ঘটনাকে ঘিরে ভক্তদের উৎসাহ তুঙ্গে, তখন অন্যদিকে অমরনাথের প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ দ্রুত গলতে শুরু করেছে। চলতি বছরের ৫৭ দিনের অমরনাথ যাত্রা শেষ হওয়ার আগেই বরফের শিবলিঙ্গের ৯০ শতাংশেরও বেশি অংশ গলে গিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে তাপমাত্রা বিশ্ব গড়ের তুলনায় দ্রুত হারে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বরফের গঠনের উপর। (Agra Fridge Shivling)
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক বরফের শিবলিঙ্গের জন্য বিখ্যাত। কিন্তু সাম্প্রতিক সময়ে গুহা ও আশপাশের হিমবাহ এলাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বরফ টিকে থাকার উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে এবারের তীর্থযাত্রা চলাকালীনই বরফের শিবলিঙ্গের দ্রুত গলে যাওয়া পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। (Agra Fridge Shivling)
আরও পড়ুন :- ২০২৬-এ ‘কৈলাস মহাকুম্ভ’, ১২ বছর পর বিরল আধ্যাত্মিক সংযোগে পুণ্যলাভের বিশেষ সুযোগ












1 thought on “ফ্রিজের বরফেই দেখলেন মহাদেবের প্রতীক, ভাইরাল ভিডিয়ো ঘিরে আগ্রায় শোরগোল”