দেশে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি (ATF) রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ জুন থেকে শুরু করে পনেরো দিনের জন্য পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) রফতানির উপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রল রপ্তানির উপর শুল্ক ৩ টাকা থেকে কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেল রপ্তানির উপর শুল্ক ১৬.৫ টাকা থেকে কমিয়ে ১৩.৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। অন্য দিকে ATF রপ্তানির উপর শুল্ক ১৬ টাকা থেকে কমিয়ে ৯.৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। ১ জুন থেকে শুরু করে আগামী ১৫ দিনের জন্য এই শুল্ক হার বহাল থাকবে। (Fuel Export Duty)
অর্থ মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রেক্ষিতে দেশের অভ্যন্তরে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৬ সালের ২৭ মার্চ থেকে পেট্রোল, ডিজেল এবং এটিএফ রফতানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস (RIC) চালু করা হয়েছিল। সেই সময় লক্ষ্য ছিল রপ্তানি কমিয়ে দেশের জ্বালানির জোগান বজায় রাখা। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জোগানে সমস্যা দেখে এবার শুল্ক কাটছাঁট করা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাম্পে যাওয়ার আগে জেনে নিন পেট্রোল-ডিজেলের দাম, কীভাবে? রইল বিস্তারিত
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল এবং এটিএফের গড় মূল্যের ভিত্তিতে প্রতি পনেরো দিন অন্তর এই শুল্কের হার পর্যালোচনা করা হয়। সর্বশেষ সংশোধন কার্যকর হয়েছিল ১৬ মে, ২০২৬ থেকে। (Fuel Export Duty)
দীর্ঘদিন পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছিল। এর ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এবং আন্তর্জাতিক দামে চাপ কমায় কেন্দ্র রপ্তানি শুল্কও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
তবে রপ্তানিতে শুল্ক কমানো হলেও দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বাজারে পেট্রোল এবং ডিজেলের উপর বর্তমান আবগারি শুল্কে কোনও পরিবর্তন করা হয়নি বলে স্পষ্ট করেছে অর্থ মন্ত্রক।













1 thought on “জ্বালানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, কমবে পেট্রোল-ডিজেলের দাম?”