এই প্রথমবার বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে ব্রিকস (BRICS) সম্মেলনে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়ৈছে ভারতকে। সম্মেলনে অংশ নিচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়াও ইরান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা–সহ আরও দেশের রাষ্ট্রপ্রধানরা। ব্রিকস (BRICS) সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা রাজধানী জুড়ে। শুক্রবার থেকেই সামরিক ও অসামরিক বিমান নামায় বিধিনিষেধ জারি হয়েছে। তবে অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ৩৫ টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে (brics summit)।
brics summit: দিল্লির আকাশে নজরদারি
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতীয় বায়ুসেনার ঘাঁটি পালাম টেকনিক্যাল এলাকা থেকে এই বিমান গুলিকে অবতরণের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রনেতাদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন, সিআইএসএফ (CISF),বিমানবন্দর পরিচালনাকারী সংস্থাসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এবং ডিজিসিএ (DGCA) ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ নোটিস জারি করে। তাতে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর -সহ চারপাশের ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সমস্ত রকমের অ-নির্ধারিত (Non-scheduled) বা ব্যক্তিগত চার্টার্ড বিমান ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় (brics summit)।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে সাধারণ যাত্রীদের প্রবেশের গেট ও হেভিওয়েট বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের প্রবেশের গেট আলাদা করা হয়েছে। CISF-এর এক ঊর্ধ্বতন আধিকারিক বলেন, “বিমানবন্দর থেকে বেরনোর জন্য একাধিক পথ খুলে দেওয়া হয়েছে ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।”
উত্তর ভারতের ৭টি রাজ্যের ফ্লাইং ট্রেনিং স্কুলগুলির ছোট বিমান, ড্রোন ও হেলিকপ্টার চলাচল ৬৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ভিভিআইপি বিমানের অবতরণ ও উড়ানের জন্য আকাশপথ সম্পূর্ণ খালি রাখতে এবং সাধারণ বাণিজ্যিক বিমানগুলির সময়সূচির সঙ্গে যাতে কোনও সংঘাত না হয়, তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যাত্রীবাহি বিমানগুলির সময় ১০ থেকে ১৫ মিনিট আগে-পরে করা হচ্ছে।
এছাড়াও, ছোট ট্রেনিং ফ্লাইট ছাড়াও পাইলট–বিহীন রিমোট কন্ট্রোলড ছোট বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই সঙ্গে দিল্লির ১০০ কিলোমিটার ব্যসার্ধে হ্যান্ড গ্লাইডার, প্যরাগ্লাইডার এবং ড্রোনের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে।








