জয়পুরের কারধানি এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে চুলের গোছা। মৃত গীতার হাত থেকে উদ্ধার হয়েছে ওই চুল। পুলিশের সন্দেহ, চুল রাহুলের হতে পারে। তা হলে মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়েছিল? সেই প্রশ্নও উঠছে। চুলের নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে।(Jaipur Crime Mystery)
শুক্রবার কারধানির একটি বাড়ি থেকে গীতা এবং তাঁর তিন মেয়ে—গৌরী, নন্দিনী ও রাধিকাকে মৃত অবস্থায় উদ্ধার হয়। গীতার বয়স ৪০ বছর। তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ এর মধ্যে। পুলিশের প্রাথমিক সন্দেহ, ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁদের খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রাহুল। (Jaipur Crime Mystery)
বাড়ির ভিতরেই চার দেহ, সকালে চা বানিয়েছিলেন রাহুল
পুলিশের অনুমান, ঘটনার পর রাহুল রক্তমাখা পোশাক বদলে স্নান করেন। সকাল ৭টা নাগাদ দুধও আনেন। পরে বাড়িতে চা বানিয়ে বৃদ্ধ বাবা লক্ষ্মীদাস ঝা-কে দেন। নিজেও চা খান। সেই সময় বাড়ির ভিতরেই পড়েছিল স্ত্রী ও তিন মেয়ের দেহ। লক্ষ্মীদাস কানে কম শোনে। তাই বাড়ির ভিতরের কোনও চিৎকার বা গোলমালের শব্দ তিনি শুনতে পাননি বলে পুলিশের অনুমান। পরে ঘটনা জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। (Jaipur Crime Mystery)
সম্পত্তি বিক্রি নিয়ে অশান্তির সূত্র
তদন্তে জানা গিয়েছে, শেয়ার বাজারে ক্ষতির মুখে পড়েছিলেন রাহুল। এরপর একটি জমি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু গীতা তাতে রাজি ছিলেন না। সেই বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য অশান্তি হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।২০২১ সাল থেকে ওই বাড়িতেই থাকত পরিবারটি। রাহুলের দাদা সঞ্জয় পরিবার নিয়ে ঝোটওয়ারায় থাকেন। প্রতিবেশীদের দাবি, রাহুল খুব একটা মিশতেন না। তবে তাঁর তিন মেয়ে হাসিখুশি ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের ছিলেন।
৬ সেপ্টেম্বর গুজরাটে গিয়েছিলেন রাহুল
তদন্তে আরও জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর গুজরাটে গিয়েছিলেন রাহুল। তিন দিন সেখানে ছিলেন তিনি। কার সঙ্গে দেখা করেছিলেন এবং কেন গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
রাহুলকে খুঁজতে জয়পুর পুলিশ কমিশনার সচিন মিত্তল ACP শিব ভরদ্বাজ ও এসএইচও সাওয়াই সিংয়ের নেতৃত্বে এক ডজনের বেশি সদস্য নিয়ে দল গঠন করেছেন। ঘটনাস্থলের আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাক্ষীদেরও। আপাতত গীতার হাতে পাওয়া চুলের গোছাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে করা হচ্ছে। (Jaipur Crime Mystery)
আরও পড়ুন :- চিন্ময়কৃষ্ণ থেকে নন্দীগ্রাম, বেআইনি নির্মাণ—একাধিক ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ









