জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে দেশ জুড়ে ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বড় ঘোষণা করল ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি বছরে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে ৩০০-রও বেশি বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি কেরলের ওনাম উৎসবের সময়ও ১০০ টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। (Rath Yatra Special Train)
সোমবার এই ঘোষণা করে রেলমন্ত্রী জানান, প্রতিবছরের মতো এবারও ওডিশার পুরীতে অনুষ্ঠিত জগন্নাথদেবের রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে। সেই বিপুল যাত্রীর চাপ সামাল দিতে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে পৌঁছনোর ব্যবস্থা আরও সহজ করতে নতুন করে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে।
রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় উৎসব। প্রতি বছর এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য ভক্ত পুরীতে পৌঁছন। এই উৎসবে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত কাঠের রথে করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নিতেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে পুরীতে। আগামী ১৬ জুন দেশ জুড়ে পালিত হবে ২০২৬-এর রথযাত্রা উৎসব। (Rath Yatra Special Train)
রেলমন্ত্রী জানান, এই অতিরিক্ত ট্রেন চালানোর ফলে দেশের নানা প্রান্ত থেকে পুরীতে যাতায়াতের ব্যবস্থা আরওউন্নত হবে এবং ভক্তরা নিরাপদে নির্বিঘ্ন সফরের সুযোগ পাবেন। পাশাপাশি উৎসবের সময় যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলস্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অতিরিক্ত রেলকর্মী মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
কেতন খুনে সোনম রঘুবংশীর পথ অনুসরণ সিয়ার, ব্রাউজিং হিস্ট্রি দেখে চোখ কপালে তদন্তকারীদের
এদিনের অনুষ্ঠানে বিশেষ ট্রেন চলাচলের কথা ঘোষণার পাশাপাশি দুটি নতুন ট্রেনও উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নান্দেড–মুম্বই এবং টানকপুর–নান্দেড এক্সপ্রেস ট্রেন দুটির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি তিনি জানান, চলতি বছরের গ্রীষ্মকালীন ভ্রমণ মরশুমে ভারতীয় রেলের তরফে ১৫,০০০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীদের চাহিদা অনুযায়ী এবং উৎসবের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল একইভাবে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেবে বলেও জানান রেলমন্ত্রী। (Rath Yatra Special Train)











