রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কিশোরীদের মধ্যে বাড়ছে PCOS এর আশঙ্কা, ঋতুস্রাব অনিয়ম হলেই কি চিন্তা?

Published on: October 4, 2026
PCOS
---Advertisement---

বর্তমানে কিশোরীদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS একটি খুব বড় সমস্যা। এবার এই PCOS নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল দিল্লির AIIMS. ২০২৩ সাল থেকে দিল্লির সাতটি সরকারি ও বেসরকারি স্কুলে চলা স্ক্রিনিংয়ে ৪ হাজারের বেশি পড়ুয়ার পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, পরীক্ষিত কিশোরীদের প্রায় ৩–৫ শতাংশের PCOS থাকতে পারে। তবে গবেষণার চূড়ান্ত ফল এখনও প্রকাশিত হয়নি।

চিকিৎসকদের মতে, কিশোরীদের ক্ষেত্রে PCOS শনাক্ত করা বেশ কঠিন। কারণ প্রথম মাসিকের পর কয়েক বছর পর্যন্ত ঋতুস্রাব অনিয়মিত হওয়া স্বাভাবিক। একইভাবে বয়ঃসন্ধিতে ব্রণ হওয়াও খুব সাধারণ। তাই শুধু মাসিক অনিয়মিত হওয়া বা ব্রণ দেখেই PCOS ধরে নেওয়া ঠিক নয়।

AIIMS-এর চিকিৎসকরা জানিয়েছেন, PCOS শুধু ডিম্বাশয়ের সমস্যা নয়। এর সঙ্গে হরমোন এবং শরীরের বিপাকীয় ব্যবস্থারও সম্পর্ক রয়েছে। এই সমস্যায় অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে মাসিক অনিয়মিত হওয়া, ব্রণ, মুখ বা শরীরে অতিরিক্ত লোম এবং ডিম্বস্ফোটনে সমস্যা দেখা দিতে পারে।

রোগা হলেও হতে পারে PCOS

PCOS মানেই ওজন বেশি হবে এমন ধারণা ঠিক নয়। স্বাভাবিক ওজনের বা তুলনামূলকভাবে রোগা কিশোরীদেরও এই সমস্যা হতে পারে। তাই শুধু ওজন দেখে ঝুঁকি বিচার না করে বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধি এবং অন্যান্য লক্ষণও দেখা জরুরি।

পরিবারে PCOS, স্থূলতা বা টাইপ-২ ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গেও PCOS-এর যোগ রয়েছে। কম শারীরিক পরিশ্রম, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং বেশি পরিমাণে প্রক্রিয়াজাত খাবার বা পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়াও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

তাই কিশোরীদের নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাবারের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারে ফল, শাকসবজি, গোটা শস্য ও পর্যাপ্ত প্রোটিন রাখা যেতে পারে।

ত্রাণ দিতে গিয়ে বিপত্তি, হেলিকপ্টার থেকে পড়া প্যাকেটের আঘাতে মৃত্যু

শুধু শরীর নয়, নজর থাকুক মানসিক স্বাস্থ্যে

PCOS-এর প্রভাব শুধু মাসিক বা ভবিষ্যতের সন্তানধারণের মধ্যে সীমাবদ্ধ নয়। ওজন বেড়ে যাওয়া, ব্রণ বা মুখে অতিরিক্ত লোমের কারণে আত্মবিশ্বাস কমে যেতে পারে। সহপাঠীদের কটাক্ষ, উদ্বেগ, অবসাদ বা ভবিষ্যতে সন্তানধারণ নিয়ে অতিরিক্ত চিন্তাও তৈরি হতে পারে।

তাই বারবার মাসিকে অনিয়ম, অতিরিক্ত ব্রণ, অস্বাভাবিক লোম বৃদ্ধি বা ওজন ও বিপাকীয় সমস্যার মতো একাধিক লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। কিশোরীদের ক্ষেত্রে PCOS নির্ণয়ে আল্ট্রাসাউন্ডও একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা নয়, কারণ এই বয়সে সুস্থ ডিম্বাশয়েও একাধিক ফলিকল স্বাভাবিকভাবে দেখা যেতে পারে। তাই মনে রাখবেন PCOS থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now