ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেটে নির্বাচক কমিটিতে মুখ্য নির্বাচকের পদ থেকে অজিত আগরকর সরে যেতেই শুরু হয়েছিল জল্পনা। কে হবে আগরকরের উত্তরসূরি? তার খোঁজ চলছিলই। এবার সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল BCCI। পুরুষদের জাতীয় সিনিয়র ক্রিকেট নির্বাচক কমিটির নতুন প্রধান হচ্ছেন ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ওঝার পাশাপাশি এই পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন প্রাক্তন ওপেনার শিব সুন্দর দাস, বিশ্বকাপজয়ী পেসার আরপি সিং, প্রাক্তন উইকেটকিপার অজয় রাত্রা এবং সদ্য নিযুক্ত রমেশ পাওয়ার (BCCI selector)।
BCCI selector: শীর্ষ আসনে ওঝাকে পূর্ণ মেয়াদে বসাল BCCI
অভিজ্ঞ অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর ফাঁকা হওয়া শীর্ষ আসনে ওঝাকে পূর্ণ মেয়াদে বসাল বোর্ড। এর আগে অন্তর্বর্তীকালীন নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল ওঝার (BCCI selector)।
জাতীয় নির্বাচন প্রক্রিয়ার এই রদবদল করেছে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC), যার দায়িত্বে ছিলেন প্রাক্তন দুই তারকা অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। তাঁদের মূল্যায়নের ভিত্তিতেই ওঝাকে চেয়ারম্যান পদে চূড়ান্ত করা হয়। BCCI-এর সংবিধান অনুযায়ী, নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতার ভিত্তিতেই প্রধানের দায়িত্ব বর্তায়। ওঝা ভারতের হয়ে ২৪টি টেস্ট ও ১৮টি একদিনের ম্যাচ খেলেছেন।
অজিত আগরকরকে বার্তা BCCI-এর
আগরকরের কার্যকালের ভূয়সী প্রশংসা করে BCCI সচিব দেবজিৎ শইকিয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের দায়বদ্ধতা, দূরদর্শিতা এবং অবদানকে BCCI শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন আগরকর। তাঁর মেয়াদকালেই ভারত ৩টি আইসিসি ট্রফি, ২টি এশিয়া কাপ খেতাব এবং টানা দু’বার এশিয়ান গেমসে সোনা জিতেছে।’
আগরকরের তৈরি সেই সাফল্যের ঐতিহ্যকে ধরে রেখে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স ও ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলির জন্য নতুন টিম ইন্ডিয়া গড়ার গুরুদায়িত্ব এবার প্রজ্ঞান ওঝা ও তাঁর নতুন নির্বাচক মণ্ডলীর কাঁধে।












