---Advertisement---
lifezone nursing home

ডার্বির আগে গোয়ায় কঠিন পরীক্ষা, ‘জোড়া’ চিন্তায় লোবেরার Mohun Bagan SG

May 8, 2026 6:39 PM
Mohun Bagan SG
---Advertisement---

বাংলায় বিধানসভা নির্বাচনে পালাবদলের পরে ডার্বিতে কি ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাবে? আইএসএলে শিরোপা দৌড় যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ, উত্তেজনা এবং হিসেব-নিকেশ। কলকাতা ডার্বিতে এখনও অপরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। শেষ মুহূর্তে বড় কোনও অঘটন না ঘটলে চলতি মরসুমে হয়তো আইএসএল চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণও হতে পারে সেই মহারণেই। তাই বাংলার ফুটবলপ্রেমীদের চোখ এখন একদিকে আসন্ন কলকাতা ডার্বি। তবে ডার্বির উত্তাপ যতই বাড়ুক, আপাতত সবুজ-মেরুন শিবিরের পুরো ফোকাস এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে।

শনিবার গোয়ার মাটিতে নামবে সার্জিও লোবেরার দল (Mohun Bagan SG)। এই ম্যাচই আইএসএল শিরোপা দৌড়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। বর্তমানে লিগ টেবিলে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। খুব কাছেই রয়েছে মোহনবাগান, ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। ফলে গোয়ার বিরুদ্ধে জয় তুলে নিতে পারলে চ্যাম্পিয়নশিপের লড়াই আরও জমে উঠবে। কিন্তু লোবেরা এখনই ডার্বির উত্তেজনায় গা ভাসাতে নারাজ। গোয়া পৌঁছে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি এখনই ডার্বি নিয়ে কথা বলতে চাই না। ওই ম্যাচের আগের দিন কথা বলব। আমাদের পুরো ফোকাস এখন এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করা।”তাঁর এই মন্তব্যেই পরিষ্কার, দলকে বাড়তি উত্তেজনা বা মানসিক চাপে ফেলতে নারাজ স্প্যানিশ কোচ।

এই ম্যাচের আগে অবশ্য একাধিক চিন্তা রয়েছে বাগান কোচের মাথায়। বৃহস্পতিবার সকালে কলকাতায় অনুশীলন সেরে বিকেলে গোয়ায় পৌঁছেছে দল। দীর্ঘ সফরের ধকল তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে গোয়ার গরম ও শুষ্ক আবহাওয়া। শনিবার ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সেই সময়ের আবহাওয়া ফুটবলারদের জন্য যথেষ্ট কঠিন হতে পারে বলেই মনে করছেন লোবেরা। তাই দু’দিন আগে গোয়ায় গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে দল। তবে শুধু আবহাওয়াই নয়, লোবেরার দ্বিতীয় বড় চিন্তা ঘন ঘন ম্যাচ। গোয়া ম্যাচের পর ১২ তারিখ ইন্টার কাশীর বিরুদ্ধে এবং ১৭ তারিখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলতে হবে মোহনবাগানকে। মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে টানা হাই-ভোল্টেজ ম্যাচ থাকায় ফুটবলারদের ক্লান্তি এবং চোট নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কোচিং স্টাফ।

বিশেষ করে এই সময় কোনও গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বড় ধাক্কা লাগতে পারে। সেই কারণেই দল নির্বাচন ও ফুটবলারদের ব্যবহার নিয়ে কৌশলী হতে চাইছেন লোবেরা। মাঝমাঠে আপুইয়া রালতের ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি না খেললে মাঝমাঠের ভারসাম্যে বদল আসতে পারে।

চাপের মাঝেও আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। (Mohun Bagan SG) দলের গুরুত্বপূর্ণ ফুটবলার জেসন কামিন্স মনে করছেন, ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশই তাদের সবচেয়ে বড় শক্তি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার বলেন, “আমরা এখানে পরিবারের মতো থাকি। সবাই সবাইকে সাহায্য করে। ড্রেসিংরুমের পরিবেশ ভাল থাকলে মাঠেও তার ইতিবাচক প্রভাব পড়ে।”

চলতি মরসুমে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারণ হিসেবেই দেখা হচ্ছে এই দলগত ঐক্যকে। আক্রমণে জেমি ম্যাকলারেন ধারাবাহিকভাবে গোলের সুযোগ তৈরি করছেন। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা ছন্দ বজায় রাখছেন। ডিফেন্সে টম অ্যালড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ জুটি ভরসা দিচ্ছে দলকে।

শেষ অনুশীলনের ইঙ্গিত অনুযায়ী, গোয়ার বিরুদ্ধে বাগানের সম্ভাব্য প্রথম একাদশে থাকতে পারেন বিশাল কাইথ, শুভাশিস বোস, অভিষেক সিং, টম অ্যালড্রেড, আলবার্তো রদ্রিগেজ, অনিরুদ্ধ থাপা, আপুইয়া রালতে, লিস্টন কোলাসো, রবসন রবিনহো, সাহাল আব্দুল সামাদ এবং জেমি ম্যাকলারেন।

অন্যদিকে ম্যাচের আগে চাপ বেড়েছে এফসি গোয়া শিবিরেও। দলের প্রধান কোচ মানোলো মার্কেসকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। জামশেদপুর ম্যাচের আগে ও পরে ফেডারেশনকে প্রকাশ্যে সমালোচনা করায় এই শাস্তি পেয়েছেন তিনি। ফলে মোহনবাগানের বিরুদ্ধে ডাগআউটে থাকতে পারবেন না গোয়া কোচ।

সব মিলিয়ে শনিবারের লড়াই শুধুই তিন পয়েন্টের নয়, বরং আইএসএল শিরোপা দৌড়ের ভবিষ্যৎও অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। আর সেই কারণেই ডার্বির আবেগ আপাতত দূরে সরিয়ে রেখে গোয়া জয়ের লক্ষ্যেই এগোতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।

পায়ে যাদু আর হৃদয়ে ছিল বাংলা, চিরবিদায় ময়দানের মোহন সিং: ডার্বির আগে গোয়ায় কঠিন পরীক্ষা, ‘জোড়া’ চিন্তায় লোবেরার Mohun Bagan SG

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment