রাত তখন প্রায় দুটো। আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের উত্তরভাগ কলোনি। (Baruipur Blast) আগুনের লেলিহান শিখা দেখে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোতলা বাড়ির একাংশ কার্যত ছারখার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দরজা-জানালার অংশ, শাটার ও টিনের চাঙড় প্রায় ১০০ থেকে ২০০ ফুট দূরে গিয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িও। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। আতঙ্কে সামনের বাড়ির এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন।
Table of Contents
Baruipur Blast: গ্যাস সিলিন্ডার, নাকি মজুত বিস্ফোরক?
ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের উত্তরভাগ কলোনির রামনগর-২ নম্বর এলাকায়, ১৪০ নম্বর বুথের লাল পুলের কাছে। বাড়িটি তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বলে স্থানীয়দের দাবি। তাঁদের বক্তব্য, প্রায় তিন মাস ধরে বাড়িতে ছিলেন না দ্বিজেন। রাতেই দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার আইসি। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বা ওই ধরনের কোনও বস্তু থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। অতীশ বিশ্বাস জানান, ঘটনাস্থলে বিস্ফোরক জাতীয় কোনও উপাদান পাওয়া যায়নি বলে দমকলের কাছ থেকে জানা গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের এনে পরীক্ষা করানোর পরই বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হবে।
‘প্রচুর বোমা মজুত ছিল’, দাবি বিজেপির
(Baruipur Blast) বিজেপির বারুইপুর ২ নম্বর মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকারের দাবি, ওই বাড়িটি অতীতে তৃণমূল নেতা-কর্মী ও দুষ্কৃতীদের আড্ডাস্থল ছিল। তাঁর অভিযোগ, ভোটের আগে সেখানে মিটিং-মিছিলও হতো। তাঁর দাবি, দ্বিজেনের ‘অত্যাচারে’ রামনগর-২ এলাকার বহু বিজেপি কর্মী দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন, তিনিও এখনও ফুলতলায় থাকেন। তাঁর প্রশ্ন, এত তীব্র বিস্ফোরণে ১০০ মিটার দূরে শাটার উড়ে গেলে বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক ছিল, তা তদন্তেই সামনে আসা উচিত।
বিজেপি কর্মী দেবাশিস মণ্ডলের অভিযোগ, “বিজেপিকে বদনাম করা এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বাড়িতে বিস্ফোরক মজুত করা হয়েছিল।” স্থানীয় বাসিন্দা আশিস হালদারেরও দাবি, ‘আমি দুটো নাগাদ বিকট আওয়াজ পাই। সকাল বেলা এসে দেখি পুরো বাড়ি ভাঙচুর হয়ে গেছে আমি আমার জীবনে এরকম দেখিনি। আমার ধারনা এখানে অনেক ভারী ধরনের কোন বিস্ফোরক বোমা ছিল তার জন্য এই অবস্থা। পুরো বিল্ডিং ভেঙেছে আর ১০০ থেকে ২০০ ফুট দূরে শাটার ছাদের মালপত্র ছড়িয়ে পড়েছে।’
স্বামীকে কেড়েছে জঙ্গল, সেই সুন্দরবনেই ১ লক্ষ ম্যানগ্রোভ পুঁতছেন ‘বাঘ বিধবা’রা
Baruipur Blast: ‘তৃণমূলের শনির দশা চলছে’, কটাক্ষ সজল ঘোষের
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “তৃণমূলের শনির দশা চলছে।” তাঁর দাবি, বাড়ি খালি থাকলেও ভিতরের বোমা সরানো হয়নি। তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি হলে আরও বিস্ফোরক ও বিপুল অর্থের হদিশ মিলতে পারে বলেও কটাক্ষ করেন তিনি।
Baruipur Blast: কঠোর তদন্তের দাবি দেবাশিস ধরের
সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরও বিস্ফোরক মজুতের অভিযোগ তুলে কঠোর তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছে এই বিস্ফোরক অনেকদিন আগে থেকেই মজুত করা ছিল। বিভিন্ন সময়ে ফায়ারআর্মস, অ্যামুনিশন এবং বিস্ফোরক জাতীয় জিনিস মজুত করে রেখে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা দখলে রাখার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। বিগত দিনে এই এলাকায় যাঁরা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন, তাঁদেরও তদন্তের আওতায় আনা উচিত। কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে কোনও ইনপুট আসত না—এটা আমি মানি না। আমি নিজে জেলার এসপি ও ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্বে ছিলাম। ইনপুট আসত, কিন্তু সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হত কি না, সেটাই প্রশ্ন।” তিনি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যেখানে এই ধরনের বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুতের অভিযোগ রয়েছে, সেখানে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং প্রয়োজন হলে NIA-কে সঙ্গে নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হোক। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কোথা থেকে এই বিস্ফোরক এল এবং এর পিছনে আরও কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না, তা তদন্ত করে বের করা জরুরি। যাঁরা এই ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক প্রভাব বা পরিচয় যাই হোক না কেন, তদন্ত নিরপেক্ষভাবে হওয়া দরকার। এখন রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি, তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্টেট কাউন্সিলের সদস্য অমরনাথ মণ্ডলের দাবি, এই বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। স্থানীয়দেরও একই দাবি—কীভাবে, কেন এবং ঠিক কী থেকে এই ভয়াবহ বিস্ফোরণ, তা দ্রুত স্পষ্ট করুক তদন্ত। বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। (Baruipur Blast)
বাইপাসের পর এবার লেকটাউন, জনপ্রিয় রেস্তোরাঁয় ফের ফুড সেফটি অভিযান












