রথযাত্রার দিনই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপরই বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি এবার পদ্ম শিবিরে কোয়েল?
চলতি বছরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসের শেষ দিকে তৃণমূলে যোগ দিয়েছিলেন কোয়েল মল্লিক। এরপর তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হয়। তবে সাংসদ হওয়ার পর এখনও পর্যন্ত তিনি একবারও রাজ্যসভার অধিবেশনে যোগ দেননি। আগামী ২০ জুলাই তাঁর প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল। তবে তার আগেই তিনি সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। (Koyel Mullick Resigns)
কোয়েলের এই পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১০ থেকে কমে হলো ৯। এর আগেই সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও রাজ্যসভার সদস্যপদ ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তাই কোয়েলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
বিশেষ করে পদত্যাগের পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসায় সেই জল্পনা আরও বেড়েছে। যদিও এই বৈঠককে আপাতত সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, ভবিষ্যতে তাঁর রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর থাকবে। (Koyel Mullick Resigns)
মমতা ছেড়ে ঋতব্রতে, মদন মিত্রের ইস্তফা, অভিষেককে নিশানা বর্ষীয়ান নেতার
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে প্রচারপত্র হাতে তুলে দিয়েছিলেন। এরপরই কোয়েল মল্লিককে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগ রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিল। এখন সকলের নজর, কোয়েল মল্লিকের আগামীদিনের রাজনৈতিক ভবিষ্যতের দিকে।










