গ্রামের রাস্তা চওড়া করার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী নবকুমার দাসের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার কামরা অঞ্চলের বৃন্দাবনপুর গ্রামের দাসপাড়ার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা চওড়া করার জন্য এলাকার অধিকাংশ মানুষ জায়গা দিতে রাজি হলেও নবকুমার দাস প্রয়োজনীয় জমি দিতে চাইছেন না। এর জেরে রাস্তার কাজ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে নোদাখালি থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। (Land Extention Problem)
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই দাসপাড়ার রাস্তা চওড়া করার প্রয়োজন ছিল। রাস্তা সরু হওয়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পৌঁছনো নিয়ে সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। অনেক সময় রোগীকে কাঁধে করে গ্রামের সরু রাস্তা দিয়ে মূল রাস্তায় নিয়ে যেতে হতো। সেই দুর্ভোগ থেকে মুক্তি পেতেই রাস্তা চওড়া করার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
গ্রামবাসীদের বক্তব্য, রাজ্যে পালাবদলের পর রাস্তা চওড়া করার কাজ শুরু হয়। বর্তমানে প্রায় ৯ ফুট ৩ ইঞ্চি চওড়া রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার অধিকাংশ বাসিন্দা এই কাজে সহযোগিতা করলেও নবকুমার দাসের আপত্তির কারণে কাজ এগোতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
শুধু চিকিৎসা নয়, পাশে থাকতে হবে রোগীদেরও, সোনারপুরে বিশেষ উদ্যোগ
স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার ওই অংশ আগেই পাকা করা হয়েছিল। বর্তমানে রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়া হলে সেই জায়গায় একটি তুলসী মঞ্চ তৈরি করা হয়েছে। এর ফলে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যাচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। (Land Extention Problem)
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। রাস্তা চওড়া হলে যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে রোগীদের নিয়ে যাওয়াও সহজ হবে বলে মনে করছেন বাসিন্দারা। তাই তাঁদের দাবি, সমস্যার দ্রুত সমাধান করে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নোদাখালি থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে এই অভিযোগের বিষয়ে নবকুমার দাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।












1 thought on “রাস্তা চওড়া করতে জমি দিতে আপত্তি, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের”
Comments are closed.