অনেকেরই বয়স বেড়েছে, নানা শারীরিক সমস্যায় ভুগছেন, কারও আবার সংসার চলছে শুধুমাত্র পেনশনের টাকায়। এই পরিস্থিতিতে বাংলার প্রাক্তন বিধায়কদের একাংশের বহুদিন ধরেই দাবি, বর্তমান পেনশনের টাকা দিয়ে তাঁদের দৈনন্দিন খরচ চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তাই পেনশন বাড়ানোর দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী উপযুক্ত পদক্ষেপ নেবেন বলেই দাবি সংশ্লিষ্ট মহলের।
এ রাজ্যে প্রাক্তন বিধায়কদের বক্তব্য, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের তুলনায় বাংলায় তাঁদের পেনশনের পরিমাণ অনেকটাই কম। বর্তমানে বাংলায় প্রাক্তন বিধায়কদের মাসিক পেনশন প্রায় ১৪ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। অন্যদিকে মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে প্রাক্তন বিধায়কদের পেনশন ৭০ থেকে ৭৫ হাজার পেরিয়েছে। উত্তরাখণ্ড ও কর্নাটকেও প্রাক্তন বিধায়কদের তুলনামূলক বেশি পেনশন দেওয়া হয় বলে দাবি তাঁদের। (Pension Increased)
এই আবহে প্রাক্তন বিধায়কদের একাংশের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসা হলেও আগের সরকারের সময়ে সেই দাবিতে বিশেষ সাড়া মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে বিষয়টি নিয়ে একাধিকবার দাবি জানানো হয়েছিল। এমনকি শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা হিসাবেও প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির বিষয়টি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এনেছিলেন। তবে সেই সময়ে পেনশন বৃদ্ধির বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত হয়নি।
এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে আশায় বুক বাঁধছেন প্রাক্তন বিধায়কদের একাংশ। দীর্ঘ টানাপড়েনের পরে বাড়তে চলছে প্রাক্তন বিধায়কদের পেনশন। এমনটাই জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যে বিধায়কদের পেনশন বাড়ানোর প্রস্তাব পরিষদীয় দফতর থেকে গিয়েছে অর্থ দফতরে।
BJP-র বনধে উত্তপ্ত ঝাড়খণ্ড, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ
সূত্রের খবর, এবার নাকি বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ হতে চলছে। নতুন নিয়ম অনুযায়ী বিধায়কদের ন্যূনতম পেনশন হবে ১২ হাজার এবং সর্বোচ্চ পেনশন হতে পারে ২৫ হাজার টাকা। তবে এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন প্রশাসনিক স্তরে খবর দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী অধিকারী। দ্রুতই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হতে চলেছে। (Pension Increased)
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন প্রাক্তন বিধায়কেরা। এখন কবে শেষ পর্যন্ত প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির আনুষ্ঠানিক সূচনা করে সরকার সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।













1 thought on “মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাড়ছে রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন, দ্বিগুণ হতে পারে টাকার অঙ্ক”