বারুইপুরের সাম্প্রতিক ঘটনা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা এমনকি তৃণমূলের অভ্যন্তরীণ বিতর্ক—একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যে বর্তমান পরিস্থিতির জন্যেও বিজেপির দিকেই আঙুল তুললেন তিনি।
সম্প্রতি বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তাতে কোনও নেতিবাচক দিক নেই। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী বলেছেন ভাঙচুর বা অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর মতে, শুধু ভাঙচুরকারীদের নয়, মূল অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
ঘটনার তদন্ত প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। এদিকে বিজেপির এক নেতা পুলিশের হেফাজত থেকে অভিযুক্তদের ছড়িয়ে আনতে সাহায্য করেছেন। পুলিশ চাইলে আরও সক্রিয়ভাবে অভিযুক্তদের খুঁজে বের করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য বিজেপি সরকারকে নিশানা করে শোভনদেব (Sovandeb Chattopadhyay) বলেন, দেশের অপরাধপ্রবণ শীর্ষ ১০টি রাজ্যের মধ্যে ৭টিই বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ সরকার পরিচালিত রাজ্য। তাই পশ্চিমবঙ্গে নতুন সরকার এসে ‘ভয় আউট ভরসা ইন’ স্লোগান দিলেও বাস্তবে যে তার প্রতিফলন দেখা যাচ্ছে না এমনটাই মনে করছেন তিনি।
এদিকে বারুইপুরের ঘটনার পর আজ ঋতব্রতপন্থী বেশ কিছু তৃণমূলের নেতা-নেত্রীরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু সেই সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-কে লক্ষ্য করেই ‘চোর চোর’ স্লোগান ওঠে। এই প্রসঙ্গেও শোভনদেব বলেন, সাধারণ মানুষ তাঁদের আসল রূপ জানে। অতীতে যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের মানুষ মনে রেখেছে আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই স্লোগান ।
বারুইপুর কাণ্ড: ‘গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ, ওঁর পরিবারও বিচার পাবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত প্রসঙ্গে শোভনদেব (Sovandeb Chattopadhyay) প্রশ্ন তোলেন, যখন অভিষেক নিজেই সংশ্লিষ্ট কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করেছেন, তখন নতুন করে ভয়েস স্যাম্পল সংগ্রহের প্রয়োজনীয়তা কোথায়। তাঁর মতে, এই পদক্ষেপের কোনও যুক্তি নেই।
মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে নেমেছে ইডি। শহরের ৫ জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলের অ্যাকাউন্টে কি সত্যিই দুর্নীতির টাকা ছিল? এই প্রশ্ন তোলা হলে শোভনদেব বলেন, দুর্নীতির টাকা কোনও নির্দিষ্ট অ্যাকাউন্টে রয়েছে কি না তা তাঁর জানা নেই। তিনি বলেন, “আমি তো হিসাবরক্ষক ছিলাম না।”











1 thought on “বারুইপুর থেকে অভিষেক ইস্যু, একাধিক বিতর্কে বিজেপিকে নিশানা শোভনদেবের”