রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Topsia Fire: তপসিয়ার সোফা কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

Topsia fire
---Advertisement---

ফের কলকাতায় বড় মাপের অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল (Topsia Fire)। শুক্রবার ভরদুপুরে কলকাতা-র তপসিয়া এলাকায় একটি সোফা কারখানায় বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি জনবসতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর প্রায় ৩টা ১০ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ থেকে ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ব্যস্ত ছিল। পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করেন দমকলকর্মীরা। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং ভিতরে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় সোফা তৈরির কাজ চলত। ফলে সেখানে কাঠ, ফোম, রেক্সিন, আঠা-সহ প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। আগুন সেই সব সামগ্রীতে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভয়াবহ আকার নেয়। কারখানার ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন পাশের একটি গ্যারাজে ছড়িয়ে পড়েছে বলেও স্থানীয়দের দাবি।

ঘটনার সময় কারখানায় কর্মীরা কাজ করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে আশঙ্কা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকলের। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই সঠিক কারণ খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যেই শহরের বিবি গাঙ্গুলি স্ট্রিট, বড়বাজার, নিউটাউন, ওয়েলিংটন-সহ একাধিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর অগ্নিকাণ্ডে শহরের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment