সাত বছর অপেক্ষার অবসান। এবার ইরানের (India-Iran Relations) তেল পাবে ভারত। আপাতত ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর নেই। আর তাতেই ভারতের অভিমুখে রওনা দিল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ। চিন থেকে মুখ ঘুরিয়ে ভারতের দিকে এগোতে শুরু করেছে ওই জাহাজ। চলতি সপ্তাহেই ওই জাহাজ ভারতে এসে পৌঁছবে বলে জানা যাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা হতেই ইরানের তেল হাতে পাচ্ছে ভারত।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ এবং জাহাজের গতিবিধিতে নজরদারি চালানো সংস্থা Kpler-এর দেওয়া তথ্যে জানা যাচ্ছে, কুরাসাওয়ের পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার ‘জয়া’ দক্ষিণ-পূর্ব দিক ঘেঁষে এগোচ্ছিল। গতিবিধি দেখে মনে হচ্ছিল, চিনই গন্তব্য ছিল জাহাজটির। সেটি এখন মুখ ঘুরিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওই তেল কিনেছে বলে জানা যাচ্ছে। তবে শুধু ‘জয়া’ই নয়, জর্ডন থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার রওনা দিয়েছে। সেটিও ভারতে আসছে বলে জানা গিয়েছে।
২০১৯-এ মে মাসে শেষ বার ইরানের (India-Iran Relations) থেকে তেল কিনেছিল ভারত। তার আগে পর্যন্ত ভারতকে সুলভ মূল্যে তেল বিক্রি করত ইরান। ভারতের অন্যতম তেল সরবরাহকারী দেশ হিসেবেও স্বীকৃত ছিল তারা। কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা চাপানোয় ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয় ভারত। তারপর থেকে পশ্চিম এশিয়া এবং আমেরিকার থেকে তেল কেনা শুরু করে ভারত।
বিগত ৪০ দিন ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে তেলের হাহকার তৈরি হয়েছে। উল্টো দিকে আটকে পড়ে একাধিক জাহাজ। জ্বালানি সঙ্কট নেমে আসে একাধিক দেশের উপর। এমন পরিস্থিতিতে সাময়িক নিয়মকানুন শিথিল করে আমেরিকা।
গত সপ্তাহে ভারতের তেল মন্ত্রক জানায়, “ইরান থেকে অশোধিত তেল কিনতে শুরু করেছে ভারতের শোধনাগারগুলি। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তেল আমদানি বাড়ানো হয়েছে”। ইরান থেকে তেল পেলে জোগানও অব্যাহত থাকবে, দামও বাড়বে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।













1 thought on “India-Iran Relations: ৭ বছর পর ইরানের তেল পাচ্ছে ভারত, চিন থেকে মুখ ঘুরল জাহাজের”