---Advertisement---
lifezone nursing home

Iran-US War: ‘আমরাই জিতব’, বলে দিলেন ট্রাম্প, এবার কী ইরানের বিরুদ্ধে বড়সড় ছক কষছেন?

April 13, 2026 12:43 PM
Iran-US War
---Advertisement---

অনিশ্চয়তার অন্ধকারেই ডুবে রইল পশ্চিম এশিয়ার যুদ্ধ-ভবিষ্যৎ। ব্যর্থ হয়েছে আমেরিকা-ইরানের মধ্যে ২১ ঘন্টার শান্তি-বৈঠক। পাকিস্তানে আয়োজিত এই বৈঠকে মেলেনি কোনও সমাধানসূত্র। শুধুই চলল পারস্পরিক দোষারোপ। প্রশ্ন হল আমেরিকা-ইরানের (Iran-US War) মধ্যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের যুদ্ধের প্রস্তুতি নেবে দুপক্ষ? যদিও দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় ফিরে আসুক বা না আসুক, তা নিয়ে তার কোনও উদ্বেগ নেই। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

রবিবার ফ্লোরিডা থেকে ফেরার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইরান ফিরে আসলো কি আসলো না, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনও সমস্যা নেই”। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে গত সপ্তাহে অনুষ্ঠিত ওই আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও দাবি করেন,” ইরান এখনও পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে”।

এমনকি যখন মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি দলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করছিল, তখনও ট্রাম্প বলেছিলেন যে তেহানের সঙ্গে কোনও চুক্তি হোক বা না হোক, তাতে তার “কিছুই যায় আসে না”। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “যাই ঘটুক না কেন, আমরাই জিতব।”

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান থেকেই ‘দুঃসংবাদ’ দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তাঁরা ফিরে গিয়ে বৈঠকের কথা জানান ট্রাম্পকে । এরপর ট্রাম্প সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘ভান্স, উইটকফ এবং কুশনার ইসলামাবাদের বৈঠক সম্পর্কে আমাকে বিস্তারিত জানিয়েছেন। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের অত্যন্ত যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই বৈঠক আয়োজন সম্ভব হয়েছিল। ওঁরা অসাধারণ মানুষ। ভারতের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ থামিয়ে তিন থেকে পাঁচ কোটি প্রাণ বাঁচানোর জন্য ওঁরা আমাকে বার বার ধন্যবাদ জানান। আমার সেটা শুনতে সবসময় ভাল লাগে। ওঁরা মানবিকতার কথা বলেন।’’

বিবৃতিতে ইরানকে তুলোধনা করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ইরান হরমুজ় প্রণালী খুলে দেবে বলে কথা দিয়েছিল। কিন্তু সেটা জেনেশুনেই এখনও করেনি। তাতে বহু মানুষ, বহু দেশ সমস্যায় পড়েছে। যেমন কথা দিয়েছিল, সেই অনুযায়ী দ্রুত ওদের আন্তর্জাতিক জলপথ খুলে দিতে হবে।’’

উল্লেখ্য, ইরানের (Iran-US War) সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ় প্রণালী অবরোধের ডাক দিয়েছেন ট্রাম্প। বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা (ভারতীয় সময়) থেকে এই প্রণালীতে যাতায়াতকারী জাহাজগুলিকে আটকে দেবে আমেরিকা। ইরানকে শুল্ক দিয়ে কেউ এই জলপথ ব্যবহার করতে পারবে না, হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সন্ধ্যার পর থেকে নতুন করে যুদ্ধের পারদ চড়তে পারে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment