গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ‘ঐতিহাসিক’ চুক্তি হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ধাপে ধাপে হামাসের অস্ত্র জমা নেওয়া হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে গাজা থেকে ধীরে ধীরে সেনা সরাবে ইজরায়েল। এরপর আন্তর্জাতিক বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে। (Israel Hamas Deal)
হামাসেরও ইঙ্গিত, আলোচনায় অস্ত্র ও সেনা প্রত্যাহার
ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হামাসের একাধিক শীর্ষ নেতা সংবাদ সংস্থা AFP কে জানান, ইজরায়েলের সঙ্গে চলা আলোচনায় অস্ত্রের বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে। একইসঙ্গে গাজা থেকে ইজরায়েলি সেনার ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে ইজরায়েলের তরফে তৎক্ষণাৎ কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (Israel Hamas Deal)
মিশরে বৈঠক, মধ্যস্থতায় একাধিক দেশ
সূত্রের খবর, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করতে খুব শীঘ্রই মিশরের কায়রোয় বৈঠকে বসতে চলেছেন মধ্যস্থতাকারী দেশগুলির প্রতিনিধিরা। এই আলোচনায় থাকবে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়েই মূলত আলোচনা হবে।
নতুন প্রশাসনের হাতে গাজার দায়িত্ব
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী, হামাসের অস্ত্র জমা দেওয়ার পাশাপাশি গাজা থেকে ধাপে ধাপে সেনা সরাবে ইজরায়েল। যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী সময়ে গাজার দৈনন্দিন প্রশাসনের দায়িত্ব দেওয়া হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (NCAG) নামে ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের একটি কমিটিকে। তাদের সহযোগিতা করবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)।(Israel Hamas Deal)
‘এক আইন, এক কর্তৃপক্ষ, এক অস্ত্র’
কূটনৈতিক সূত্রের দাবি, এই পরিকল্পনায় কোনও ব্যতিক্রম রাখা হয়নি। ভারী বা হালকা—সব ধরনের অস্ত্রই নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে যাবে। গাজার সমস্ত অস্ত্রের ভাণ্ডার, সুড়ঙ্গ এবং অস্ত্র তৈরির কারখানা ধাপে ধাপে তুলে দেওয়া হবে বা বন্ধ করা হবে। পুরো প্রক্রিয়া ঠিকভাবে হচ্ছে কি না, তা নজরদারির জন্য থাকবে বিশেষ যাচাই ব্যবস্থা।
ইজরায়েলের আপত্তি, গাজায় হামলা অব্যাহত
অন্যদিকে হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া খসড়ায় কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে এবং এখন ইজরায়েলের উত্তরের অপেক্ষায় রয়েছে। তবে ইজরায়েলের এক রাজনৈতিক সূত্রের দাবি, বর্তমান প্রস্তাবে তাদের মূল দাবি—গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ—যথেষ্ট গুরুত্ব পায়নি। এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ওয়াশিংটন সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকেও গাজার বিষয়টি আলোচনায় ওঠেনি বলেও দাবি ওই সূত্রের। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হিংসা থামেনি। বৃহস্পতিবার ইজরায়েলি হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশুও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। (Israel Hamas Deal)
আরও পড়ুন :- ১৯ বছর পরে কলকাতা ফিরলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন













1 thought on “গাজা যুদ্ধে বড় মোড়! হামাসের নিরস্ত্রীকরণে ঐতিহাসিক চুক্তির দাবি ট্রাম্পের”