অলিগলিতে ঘুরে ভোট প্রচার
ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার সকালে কর্মী সমর্থকদের নিয়ে পরিক্রমায় বার হন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (West Bengal Election 2026)। পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন। মূলত বিজয়গড় অঞ্চল এবং বিজয়গড় বাজারে প্রচারে যান। অলিগলিতে ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন বিকাশ।
সবুজ সাথীর সাইকেলে চেপে অলিগলি
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুন্ধতী মৈত্র তথা লাভলী মৈত্র। শনিবার সবুজ সাথীর সাইকেলে চেপে গোবিন্দপুর এলাকায় জনসংযোগ সারেন। কখনও সাইকেলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আবার কখনও চায়ের দোকানে বসে অভাব-অভিযোগ শোনেন। এলাকার বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদ নেন তৃণমূলের প্রার্থী। প্রচারের সময় লাভলী মৈত্র নারী সুরক্ষা, নারীর সম্মান ও নারীর স্বাধীনতার বিষয়গুলি তুলে ধরেন। নির্বাচনের আগে এই ধরনের সরাসরি জনসংযোগমূলক প্রচার যে ভোটারদের মনে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
চা বাগানে প্রচার
ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে চলছে প্রচার। শনিবার সকালে চা বাগানে ভোট প্রচার করেন নাগরাকাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মূর্তি চা বাগানে যান তিনি। শ্রমিকদের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেন। শ্রমিকদের সমস্যার কথাও শোনেন। এরপর সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাটিয়ালি ব্লকের নাকাটি চা বাগানে যান। সেখানে গিয়েও ভোট প্রচার করেন তিনি। উল্লেখ্য এই বিধানসভা আসনটি বিজেপির দখলে রয়েছে। আর এবার এই আসনটি দখল করতে মরিয়া তৃণমূল।
প্রচারে বেরিয়ে বাধার মুখে প্রার্থী
প্রচারে বেরিয়ে বাধার মুখে ময়না কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল (West Bengal Election 2026)। অভিযোগ, ময়নার বাকসা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে নির্বাচনী প্রচার করার সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এই আক্রমণ চালিয়েছে। মিছিল চলাকালীন বিজেপি কর্মী সমর্থকেরা ঝাঁটা, লাঠি, ইট-পাটকেল ছুঁড়ে পথ আটকায়। যদিও এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি।
জোরকদমে প্রচার
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বারাবনির রাজনৈতিক পারদ তুঙ্গে। শনিবার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন আছড়া, পল্লীমঙ্গল, হরিসাডি সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রার্থী গ্রামে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে। অনেক জায়গায় পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানান গ্রামবাসীরা। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন।
ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে জনসংযোগ
রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। শনিবার ৮৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার সারেন তিনি। প্রচারে বেরিয়ে তিনি বলেন,”গত পাঁচ বছরের রাসবিহারী কেন্দ্রের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূলের উপর ভরসা রাখবে। বিরোধীরা অনুন্নয়ন নিয়ে প্রচার করলেও তা মানুষের মধ্যে প্রভাব পড়বে না। গতবার প্রায় ২১ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন এবারে অংকটা বাড়তে পারে কিনা সে বিষয়ে তিনি বলেন সমর্থন পেলেই জয় নিশ্চিত “।










1 thought on “West Bengal Election 2026: ময়নায় প্রচারে বেরিয়ে বাধার মুখে তৃণমূল, সবুজ সাথী চেপে অলিগলি ঘুরলেন লাভলী”