দিঘার সমুদ্রে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক পর্যটক যুবক। স্পিড বোটের ধাক্কায় গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শেখ বাপন। তিনি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিঘা সমুদ্র সৈকতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তা ব্যবস্থা এবং স্পিড বোট পরিচালনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।(Digha Speed Boat Death News)
স্থানীয়দের দাবি, শেখ বাপন সমুদ্রে স্নান করছিলেন। সেই সময় একটি স্পিড বোট নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর উপর উঠে যায়। বোটের পিছনের ধারালো ফ্যানের আঘাতে তাঁর শরীরের একাধিক অংশে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। অভিযোগ, দুর্ঘটনার পর স্পিড বোটের চালক আহত যুবককে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। (Digha Speed Boat Death News)
পরিবারের সদস্য ও আশপাশে থাকা পর্যটকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। (Digha Speed Boat Death News)
ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সমুদ্রে চলাচলকারী স্পিড বোটগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত। পর্যটকদের অভিযোগ, প্রশাসনের নজরের সামনেই এই ধরনের বোট দীর্ঘদিন ধরে চলাচল করছে। সেগুলির প্রয়োজনীয় অনুমতি ছিল কি না এবং নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, যেখানে পর্যটকরা স্নান করছেন সেখানে কেন একের পর এক স্পিডবোটকে ঢুকতে দেওয়া হয়? স্পিডবোটগুলোর জন্য কেন আলাদা জায়গা করা হচ্ছে না সেই প্রশ্নও থাকছে। (Digha Speed Boat Death News)
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত স্পিড বোটের চালক এবং বোটের মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তায় গাফিলতি ছিল কি না এবং কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন :- বারুইপুরের মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও সোনার মুকুট সহ একাধিক অলঙ্কার









