রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভিনিসিয়াস বনাম সামুরাই ব্লু, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জাপান

Brazil vs Japan
---Advertisement---

গ্রুপ পর্ব শেষ পর্যায়ে। একাধিক দল নকআউট পর্বে পৌঁছে গিয়েছে। এবার শুরু বিশ্বকাপের আসল রূপ। ভুলের আর কোনও জায়গা নেই, নেই কোনও দ্বিতীয় সুযোগ। ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। (Brazil vs Japan) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যেমন নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া, তেমনই নতুন যুগের জাপান বিশ্বফুটবলের শক্তির সমীকরণ বদলে দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে। আর সেই কারণেই সোমবার হিউস্টনে ব্রাজিল বনাম জাপানের রাউন্ড অফ ৩২ ম্যাচটি হয়ে উঠতে চলেছে এই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। (Brazil vs Japan) ২৯ জুন, সোমবার ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। একদিকে কার্লোস আন্সেলত্তির তারকাখচিত ব্রাজিল, অন্যদিকে হাজিমে মোরিয়াসুর সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ জাপান— ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণের লড়াই।

গ্রুপ পর্বে ব্রাজিলের দাপট, শীর্ষে থেকেই নকআউটে সেলেকাওরা

বিশ্বকাপের গ্রুপ সি-তে ব্রাজিল শুরু করেছিল মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে। তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাইতিকে ৩-০ এবং স্কটল্যান্ডকেও ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে কার্লো আন্সলত্তির দল।

শুধু বিশ্বকাপ নয়, টুর্নামেন্টের আগে মিশরকে ২-১ এবং পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। শেষ পাঁচ ম্যাচে তারা করেছে ১৫ গোল, হজম করেছে মাত্র পাঁচটি। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও লুকাস পাকেতার উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন :- আন্সেলত্তির আমলে স্বাধীন, রিয়ালের ছবি ব্রাজিলে ফেরাতে মরিয়া ভিনিসিয়াস

অপরাজিত জাপান, আত্মবিশ্বাসে টইটম্বুর ব্লু সামুরাইরা

অন্যদিকে, জাপান প্রমাণ করেছে যে তারা আর শুধুমাত্র ‘ডার্ক হর্স’ নয়। গ্রুপ এফ-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-২ ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানো এবং সুইডেনের বিরুদ্ধে ১-১ ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে উঠেছে তারা।

বিশেষ করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাবর্তন এবং তিউনিসিয়ার বিরুদ্ধে বিধ্বংসী আক্রমণাত্মক ফুটবল দেখিয়ে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে হাজিমে মোরিয়াসুর দল। গত পাঁচ ম্যাচে জাপান তিনটি জয় এবং দুটি ড্র করেছে, এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তারা।

ভিনিসিয়াসের ফর্মে বাড়ছে ব্রাজিলের আশা

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপে ও আর্লিং হাল্যান্ডের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য কার্যত প্রথমার্ধেই নির্ধারণ করে দেন ভিনি। পাশাপাশি মার্তিনেল্লি, লুকাস পাকেতা এবং অভিজ্ঞ কাসেমিরোর উপস্থিতি ব্রাজিলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। অন্যদিকে, নেইমারও স্কটল্যান্ড ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন। (Brazil vs Japan) নেইমার প্রাপ্তি ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন :-বিশ্বকাপে ভিনিসিয়াস ঝড়, আন্সেলত্তির প্রশংসায় ভাসলেন ব্রাজিল তারকা

জাপানের সবচেয়ে বড় অস্ত্র তাদের সংগঠিত ফুটবল

জাপানের শক্তি কোনও একক তারকা নন, বরং পুরো দলের সমন্বয়। তাকেফুসা কুবো, তাকুমি মিনামিনো, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদাদের দ্রুত ট্রানজিশন ও কৌশলগত শৃঙ্খলা প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম।

বিশেষ করে সুইডেন ম্যাচে মায়েদার গোল এবং আক্রমণ গড়ার পদ্ধতি নিয়ে মোরিয়াসু নিজেই প্রশংসা করেছেন সহকারী কোচ হিরোশি নানামির। জাপানের আক্রমণাত্মক দর্শন গত দুই বিশ্বকাপের তুলনায় ইতিমধ্যেই বেশি গোল এনে দিয়েছে দলকে।

‘সিরিয়াস ব্রাজিল’-এর অপেক্ষায় মোরিয়াসু

সুইডেন ম্যাচের পর জাপান কোচ হাজিমে মোরিয়াসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি “সিরিয়াস ব্রাজিলের” বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছেন। তার কথায়, “বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল। আমরা তাদের সম্মান করি। কিন্তু ফুটবলে যে কোনও কিছুই সম্ভব। আমাদেরও জয়ের সুযোগ রয়েছে এবং সেই সুযোগটাই আমরা খুঁজব।”

তিনি আরও মনে করিয়ে দেন, ২০২৫ সালের অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। সেটাই ছিল ব্রাজিলের বিরুদ্ধে ১৪ ম্যাচে জাপানের প্রথম জয়।

(Brazil vs Japan) ইতিহাস কী বলছে?

দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সেখানে ব্রাজিল জিতেছে ১৩টি, জাপান মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে, যেখানে ব্রাজিল ৪-১ গোলে জয় পেয়েছিল।

তবে সাম্প্রতিক ইতিহাস বলছে, জাপান আর আগের সেই দুর্বল দল নয়। গত বছরের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ।

(Brazil vs Japan) সম্ভাব্য একাদশ

ব্রাজিল: সৌজা; বেরালদো, ব্রুনো, হেনরিক, অগুস্তো; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; লুইজ হেনরিক, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতা; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

জাপান: জিয়ন সুজুকি; মাচিদা, ওয়াতানাবে, সুগাওয়ারা, ইতো; সানো, মরিতা; কুবো, নাকামুরা, মিনামিনো; উয়েদা।

নকআউটের চাপ, তবু লড়াই সমানে সমান?

কাগজে-কলমে ব্রাজিল অবশ্যই ফেভারিট। (Brazil vs Japan) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নকআউট ফুটবলে তাদের অভিজ্ঞতা, তারকাদের মান এবং সাম্প্রতিক বিশ্বকাপগুলিতে ধারাবাহিক পারফরম্যান্স তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। তবে এই জাপান আর শুধুমাত্র অংশগ্রহণ করতে আসেনি। গত কয়েক বছরে তারা প্রমাণ করেছে যে বিশ্বের সেরা দলগুলোকেও চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য তাদের রয়েছে।

তাই দর্শক সোমবারের হিউস্টনে শুধু নকআউট ম্যাচের সাক্ষী থাকবে না। এটি হবে ঐতিহ্য বনাম উচ্চাকাঙ্ক্ষার, ইতিহাস বনাম নতুন স্বপ্নের, তারকা বনাম দলগত শৃঙ্খলার এক রুদ্ধশ্বাস লড়াই। ব্রাজিল জয়ের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে, আর জাপান মাঠে নামবে বিশ্বকে আবারও চমকে দেওয়ার বিশ্বাস নিয়ে। ফুটবলের সৌন্দর্যটাই এখানেই— ৯০ মিনিটে ইতিহাসও বদলে যেতে পারে। এখন শুধু অপেক্ষা রেফারির বাঁশি বাজার।

আরও পড়ুন :- বস্টনে বিশ্বকাপের প্রথম মহারণ! এমবাপে-হাল্যান্ড দ্বৈরথ্য নির্ধারণ করবে গ্রুপ শীর্ষে ফ্রান্স না নরওয়ে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment