রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইস্টবেঙ্গল মাঠে মহাসমারোহে শুরু হলো কলকাতা লিগ, বারাসতেই হতে পারে এবারের ডার্বি

Published on: July 12, 2026
Kolkata Football League
---Advertisement---

কলকাতা লিগের নতুন মরসুম শুরু হলো এক ঐতিহাসিক আবহে। রবিবার ইস্টবেঙ্গল ও জর্জ টেলিগ্রাফের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারই প্রথম বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা লিগের সূচনা হলো। ম্যাচ শুরুর আগে পরিবেশিত হয় ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত, যা কলকাতা লিগের ইতিহাসে নতুন সংযোজন। (Calcutta Football League)

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত এবং প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন ও দীপঙ্কর রায়। প্রথম ম্যাচেই তিন গোলে জয় পেল লাল হলুদ শিবির। জর্জ টেলিগ্রাফ খুলতে পারল না তাদের খাতা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জাস্টিন জোসেফ, বিলাল, জেসিন টি কে।

এদিন কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় ইঙ্গিতও মিলেছে। আইএফএ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি বারাসত স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবুও সেই সম্ভাবনা নিয়েই ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, কলকাতা লিগ শুরুর আগেই শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে শ্রীভূমি এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। যদিও লিগের কর্মকর্তাদের দাবি, কেন তারা নিজেদের নাম প্রত্যাহার করলো সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানানো হয়নি। মাঠের বাইরের বিভিন্ন কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এছাড়া সুরুচি সংঘ ও কালীঘাট এমএস-এর অংশগ্রহণ থাকলেও তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিষয়ে আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, শেষ মুহূর্তে লিগ থেকে সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী শ্রীভূমি ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। (Calcutta Football League)

এদিকে বহুদিন পর টিন ঘেরা মাঠে কলকাতা লিগ ফিরলেও পরিকাঠামোগত সমস্যার চিত্রটি এখনও বদলায়নি। বিশেষ করে প্রেসবক্সের বেহাল অবস্থা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক ও ফুটবল মহল। অভিযোগ, পূর্ত দফতরের দীর্ঘদিনের অবহেলার কারণে গত ৫৩ বছর ধরে টিন ঘেরা মাঠের প্রেসবক্স ব্যবহারের অযোগ্য হয়েই পড়ে আছে। এখনও সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না থাকায় পাখাও চালানো যায় না।

বিশ্বকাপের মাঝে শুরু কলকাতা লিগ, কোথায় দেখবেন?

এই বিষয়ে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানান, সমস্যাগুলির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলে আগামী ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার এবং উন্নয়নের ব্যবস্থা করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, সাংবাদিকদের জন্য আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত ৫৩ বছরে রাজ্যের সরকার বদলেছে, বদলেছেন একাধিক ক্রীড়ামন্ত্রীও। কিন্তু আশ্বাসের পর আশ্বাস মিললেও টিন ঘেরা মাঠের পাশাপাশি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং মাঠের প্রেসবক্সের দুরবস্থা আজও কাটেনি। নতুন মরসুমে কলকাতা লিগ বর্ণাঢ্য সূচনা পেলেও, মাঠের বাইরের এই দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান কবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। (Calcutta Football League)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment