নিট (ইউজি) ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্তে বড় তথ্য সামনে আনল সিবিআই। তদন্তকারীদের দাবি, প্রশ্নপত্র প্রথমে মহারাষ্ট্র থেকে ফাঁস হয়েছিল। এরপর দুটি পৃথক রুট ব্যবহার করে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে সিবিআই একটি সুপরিকল্পিত ‘সর্বভারতীয় ষড়যন্ত্র’ বলে মনে করছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি রুট ছিল রাজস্থান ও হরিয়ানার মাধ্যমে। অন্য রুটটি পৌঁছেছিল কেরল পর্যন্ত। অভিযোগ, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। (NEET Paper leak)
চার্জশিটে উল্লেখ ১৩ অভিযুক্তের নাম
মঙ্গলবার দিল্লির একটি আদালতে সিবিআই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে। সেখানে মোট ১৩ জনের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের লাতুর জেলার রেনুকাই ক্যারিয়ার কোচিং ইনস্টিটিউটের মালিক শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর। এছাড়াও চার্জশিটে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সঙ্গে যুক্ত জীববিজ্ঞান বিশেষজ্ঞ মনীষা মানধারে, জীববিজ্ঞান বিশেষজ্ঞ প্রলহাদ ভিত্থলরাও কুলকার্নি এবং পদার্থবিদ্যা বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাওলদারের নামও উল্লেখ করা হয়েছে।
কোচিং কর্ণধার ও বিশেষজ্ঞদের যোগের অভিযোগ
তদন্তকারীদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিট-এর প্রশ্নপত্র আগাম সংগ্রহ, তা ফাঁস করা এবং পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এই চক্রের সঙ্গে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, কোচিং সেন্টারের কর্ণধার এবং একাধিক দালাল জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও সিবিআই সূত্রে খবর।
NEET UG কাউন্সেলিং-এর নিয়মে রদ-বদল, কী কী বদল হয়েছে?
তদন্ত চলছে, বাড়তে পারে অভিযুক্তের সংখ্যা
সিবিআই এখন এই চক্রের আর্থিক লেনদেন, যোগাযোগের মাধ্যম এবং আরও কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখছে। তদন্ত এখনও চলছে। প্রয়োজনে ভবিষ্যতে চার্জশিটে আরও অভিযুক্তের নাম যুক্ত হতে পারে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা। (NEET Paper leak)
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় দেশজুড়ে যে ছাত্রদের আন্দোলন এবং বিক্ষোভ চলছিল তারপর এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে সরকার। এই চক্রের সম্পূর্ণ নেটওয়ার্কের হদিস পেতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলেই সিবিআই সূত্রের দাবি।












1 thought on “মহারাষ্ট্র থেকেই ফাঁস নিটের প্রশ্নপত্র, তদন্তে বিস্ফোরক তথ্য প্রকাশ সিবিআই-এর”