মোবাইল রিচার্জের ক্ষেত্রে ফের বড় পরিবর্তন আনল টেলিকম সংস্থা Airtel। দীর্ঘদিনের ২৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানটি এবার সরিয়ে দিল এই টেলিকম সংস্থা। Airtel-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Airtel Thanks অ্যাপ—দুই জায়গা থেকেই প্ল্যানটি আর দেখা যাচ্ছে না। ফলে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা-সহ Airtel-এর সবচেয়ে কম দামের রিচার্জ এখন ৩৪৯ টাকার। অর্থাৎ, এন্ট্রি লেভেলের রিচার্জ এখন এয়ারটেলে ৩৪৯ টাকা।
প্রায় এক বছর আগে ২৪৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ২৯৯ টাকা করা হয়েছিল। সেই প্ল্যানেই ছিল দৈনিক ১ জিবি হাই-স্পিড 4G/5G ডেটা, আনলিমিটেড লোকাল ও STD কল এবং প্রতিদিন ১০০টি SMS। ২৮ দিনের ভ্যালিডিটির এই প্যাকের সঙ্গে মিলত ফ্রি HelloTunes এবং Perplexity Pro AI সাবস্ক্রিপশনের সুবিধাও। তবে এবার থেকে আর তা মিলবে না।
Airtel Recharge Plan: ৩৪৯ টাকার প্ল্যানে কী কী মিলছে?
২৯৯ টাকার প্ল্যান বন্ধ হওয়ার পর Airtel-এর সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান হয়েছে ৩৪৯ টাকা। ২৮ দিনের জন্য এই রিচার্জে থাকছে—
- আনলিমিটেড লোকাল ও STD কল
- প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা
- প্রতিদিন ১০০টি SMS- ফ্রি Airtel HelloTunes
- ৬ মাসের Apple Music সাবস্ক্রিপশন বিনামূল্যে
- ১২ মাসের Adobe Express Premium
অর্থাৎ, আগের ২৯৯ টাকার প্ল্যানের তুলনায় নতুন ৩৪৯ টাকার প্যাকে দৈনিক ডেটার পরিমাণ দ্বিগুণ হয়েছে। তবে এর জন্য গ্রাহককে ৫০ টাকা বেশি খরচ করতে হবে।
৩৯৯ টাকার প্ল্যানেও মিলছে অতিরিক্ত ডেটা
যাঁদের প্রতিদিন আরও বেশি ডেটা প্রয়োজন, তাঁদের জন্য রয়েছে Airtel-এর ৩৯৯ টাকার রিচার্জ। এই প্যাকের মেয়াদও ২৮ দিন এবং এতে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। তবে এখানে দৈনিক হাই-স্পিড ডেটার পরিমাণ বেড়ে হচ্ছে ২.৫ জিবি। পাশাপাশি Apple Music-এর পরিবর্তে পাওয়া যাচ্ছে ২৮ দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন।
দিনে ২০টা করে ‘লোন বা ক্রেডিট কার্ডের’ স্প্যাম কল? কীভাবে পাবেন চিরতরে মুক্তি?
৫৭৯ ও ৬১৯ টাকার প্ল্যানও কি বন্ধ?
এদিকে Airtel-এর আরও দুটি প্রিপেড প্ল্যান নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এক ব্যবহারকারী এক্স পোস্টে দাবি করেছেন, ৫৭৯ টাকা এবং ৬১৯ টাকার রিচার্জ প্ল্যানও বন্ধ করে দিয়েছে Airtel। তাঁর দাবি, আপাতত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সার্কেলে এই দুটি প্যাক সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য জায়গায়ও এগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। (Airtel Recharge Plan)
তবে এই দাবির ক্ষেত্রে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। অনেক ব্যবহারকারীই ওই দুটি রিচার্জ প্যাক এখনও দেখতে পাচ্ছেন। ফলে এই দুটি প্ল্যান দেশ জুড়ে পুরোপুরি বন্ধ হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।












